Supreme Court CJI: লাঞ্চ থেকে ফিরে চমকে গেলেন সবাই, এজলাসে এ কী কাণ্ড, নজির গড়লেন প্রধান বিচারপতি – Bengali News | Supreme Court CJI D Y chandrachud arranged stools for young lawyers
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়Image Credit source: GFX- TV9 Bangla
নয়া দিল্লি: সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছিল শুনানি। আদালত কক্ষে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। হঠাৎই শুনানির মাঝে আদালত কক্ষে চোখ পড়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। পিছন দিকে এতজন আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন কেন? কেনই বা দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। বেশ কিছুদিন ধরেই বিষয়টা লক্ষ্য করেছেন তিনি। মঙ্গলবার এ ব্যাপারে প্রশ্ন করেন তুষার মেহতাকে। বলেন, দিনের পর দিন দেখছি, আপনার জুনিয়ররা ল্যাপটপ হাতে দাঁড়িয়ে থাকেন। যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, কোর্ট মাস্টারকে দেখতে বলব। এরপর মধ্যাহ্নভোজ শেষে আদালত কক্ষে ফিরে অবাক হয়ে যান সবাই।
ফিরে এসে সবাই দেখেন এ কী কাণ্ড! ঘরে আনা হয়েছে একগুচ্ছ চেয়ার। সূত্রের খবর, এদিন সকালে বিষয়টা নিয়ে আলোচনার পর অবিলম্বে চেয়ার বাড়ানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপরই বসার ব্যবস্থা করা হয় আইনজীবীদের জন্য।
শুনানি শুরু হওয়ার আগে নিজে গিয়ে চেয়ারে বসে পড়েন প্রধান বিচারপতি। দেখে নেন সবকিছু ঠিক আছে কি না। সবাই বসে দেখতে পাচ্ছেন কি না, সেটাও খতিয়ে দেখে নেন তিনি। কার্যত নজিরবিহীন ছবি দেখেন সবাই আদালত কক্ষে।
প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের প্রশংসা করেছে আইনজীবী মহল। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই ব্যবহার সব আদালতেই হওয়া উচিত। দেশের বিচার ব্যবস্থা সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি যেভাবে আইনজীবীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে অভিভূত তুষার মেহতা।