Robert Vadra: ভোটে লড়ার ইচ্ছা সোনিয়া-জামাতার, অমেঠীতেই নজর… – Bengali News | Loksabha Election 2024 Robert Vadra hint again that he is ready to join politics
সোনিয়া-রাহুলের সঙ্গে রবার্ট বঢরা।Image Credit source: Facebook
নয়াদিল্লি: কিছুদিন আগেই রবার্ট বঢরা বলেছিলেন, তাঁকে অমেঠী চায়। এবার আরও এক পা বাড়িয়ে রাজনীতির অলিন্দে ঢোকার চেষ্টা গান্ধী-পরিবারের জামাইয়ের। প্রিয়ঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট সোমবার এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদদের বহিষ্কার থেকে বিরোধী নেতাদের গ্রেফতারি নিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস বা অন্য দল রাজ্যে ক্ষমতায় থাকলে তাদের নেতাদের জেনেবুঝে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাংসদদের বহিষ্কার করে দেওয়া হচ্ছে। রবার্টের দাবি, এসব গাজোয়ারি ছাড়া আর কিছুই নয়। বেশিদিন এসব চলবে না বলেও মত তাঁর।
রবার্ট বঢরা বলেন, যেখানে কংগ্রেস সরকারে, সেখানে ভাঙার খেলা চলছে। কিন্তু মানুষ সব জানেন। তাঁরা জানেন, কীসের লোভ দেখিয়ে এই ভাঙানির কাজ করা হচ্ছে। রবার্টের কথায়, মানুষ এসব কাজ মোটেই পছন্দ করছেন না।
কিছুদিন আগেই কংগ্রেস ভোটের ইশতেহার প্রকাশ করেছে। বিজেপিও করতে চলেছে। তবে এই কাগুজে প্রতিশ্রুতিতে খুব একটা ভরসা নেই প্রিয়াঙ্কার স্বামীর। বরং তিনি মনে করেন, ঘোষণাপত্র যেমনই হোক, তাতে খুব একটা জোর দেওয়ার দরকার নেই। খুব একটা লাভ হয় বলে মনে করেন না তিনি। মানুষ সবই দেখেন, বোঝেন।
এই সাক্ষাৎকারে রবার্ট বঢরা তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কেও তুলে ধরেন। বলেন, তিনি কংগ্রেস নেতা নন। তবে অমেঠীর মানুষ তাঁকে বলেছেন, এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে। তাঁকে জিতিয়ে সংসদে পাঠাবেন। কিন্তু রাহুলকে যদি কংগ্রেস অমেঠীতে লড়াতে চায়? রবার্ট এ প্রশ্নের জবাব খুবই কৌশলে দেন। বলেন, এ নিয়ে তাঁর কিছু বলার নেই। যা বলার রাহুলই বলতে পারবেন।