Gold Price Hike: চৈত্রের গরমের থেকেও বেশি ঘাম ছোটাচ্ছে সোনা, এই প্রথম ৭১ হাজার পার করল সোনার দাম – Bengali News | Gold Price Hike: Gold Price Crossed 71 Thousand Mark Today, 3 Thousand rs Hiked in a Single Day, What is the Reason of Price Hike
নয়া দিল্লি: কেনা দূরস্থ, সোনার দিকে তাকাতেও ‘ফোস্কা’ পড়ছে। শুধু বেড়েই চলেছে সোনার দাম। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম যা, তাতে চাইলেই একই মূল্য দিলে এক কামরা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট বা আইফোন ১৫ কিনে নিতে পারবেন। ৭১ হাজার টাকার গণ্ডি পার করেছে সোনার দাম। সমানে সমানে টেক্কা দিচ্ছে রুপোর দামও। ৮৪ হাজারে পৌঁছেছে রুপোর কেজি দর। আজ, সোমবার সোনার দাম একধাক্কায় বেড়েছে ৩ হাজার টাকা। রুপোর দামও দৈনিক ১ হাজার টাকা করে বাড়ছে। কিন্তু হঠাৎ এই মূল্যবৃদ্ধির কারণ কী?
এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থবর্ষের শুরু থেকেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। চোখে পড়ার মতো ফারাক সেই দামে। উদাহরণ হিসাবে বলা যায়, ২৮ মার্চ যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৭ হাজার ৭০১ টাকা, সেখানেই ৮ এপ্রিল সোনার দাম পৌঁছেছে ৭১ হাজার ৮০ টাকায়।
রুপোও পিছিয়ে নেই। এপ্রিল মাসে সোনার থেকে রুপোর দাম বেশি বেড়েছে। আজ রুপোর দাম ৮১ হাজার ৫৯৫ টাকা রয়েছে। শুধু এপ্রিল মাসের প্রথম সাত দিনেই সোনার দাম সাত হাজার টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।
কেন এত দাম বাড়ছে সোনা-রুপোর?
সুদের হার কমানোর প্রত্যাশা: আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের প্রত্যাশা, শীঘ্রই সুদের হার কমানো হবে। কিন্তু বাজারের যা হাল, তাতে সুদের হার কমার সম্ভাবনা ক্ষীণ। অপরিশোধিত তেলের দাম শীর্ষে পৌঁছেছে। মুদ্রাস্ফীতির পরিসংখ্যানও বলছে সুদের হার কমানোর সঠিক সময় নয় এটা।
ভূ-রাজনৈতিক উত্তেজনা: দুই বছর কেটে গিয়েছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামার নাম নেই এখনও। অন্যদিকে, ইজরায়েল-হামাসের যুদ্ধে এবার জড়িয়ে পড়ছে ইরানও। ইরানের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। এমতাবস্থায় বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। নতুন করে বিনিয়োগ না করায়, সোনার চাহিদা বেড়েছে এবং পাল্লা দিয়ে দামও বাড়ছে।
চিনের আমদানি বৃদ্ধি: চিন বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক। অর্থনীতির মন্দার জেরে কিছু সময়ের জন্য চিন কম সোনা আমদানি করছিল। কিন্তু সেই ট্রেন্ড আবার পরিবর্তন হচ্ছে। চিনে আবার সোনা আমদানি শুরু হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সোনা কেনাকাটি বৃদ্ধি পেতেই সোনার দাম বাড়ছে।
নির্বাচনের আগে অনিশ্চয়তা: চলতি বছরে ভারত থেকে আমেরিকায় নির্বাচন হতে চলেছে। ভোটের ফলাফল কী হবে, সরকার বদলে যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ কম করছেন। বিনিয়োগকারীদের বিশ্বাস, নির্বাচনের ফলাফল অর্থনীতিতেও বিপরীত প্রভাব ফেলতে পারে। এর প্রভাব দেখা যাবে শেয়ারবাজারে।
ভারতীয় মুদ্রার পতন: গত এক মাসে ডলারের তুলনায় ভারতীয় রুপির দামে ব্যাপক পতন হয়েছে। গত এক মাসে ডলারের বিনিময়ে রুপির দর ০.৫৭ শতাংশ পতন হয়েছো। বর্তমানে ডলার প্রতি টাকার দাম ৮৩ টাকা ৩৫ পয়সা।