CPIM: বান্ডিলে মিলল গুচ্ছ-গুচ্ছ ৫০০ টাকার নোট, তৃণমূলের ঝান্ডা ধরাতেই এত টাকার টোপ? – Bengali News | Jalpaiguri: Police recover money from Jalpaiguri West Bengal
পুলিশ টাকা উদ্ধার করেছে।Image Credit source: সিপিএম-এর পাঠানো ভিডিয়ো
জলপাইগুড়ি: তৃণমূলে যোগদান করাতে আদিবাসী পঞ্চায়েত সদস্যাকে টাকার বান্ডিল দিয়ে প্রলোভন দেখানোর অভিযোগ। টাকার ছবি-সহ কমিশনে লিখিত অভিযোগ দায়ের করল সিপিএম। ইতিমধ্যেই সেই টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মোট ৪৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। মিলেছে ৯৬টি ৫০০ টাকার নোট।
অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ সিপিএম দলের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রুবিনা মুণ্ডার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় কৃষ্ণ দাস, রাজা মণ্ডল, প্রধান হেমব্রম-সহ জনা তিরিশের মতো লোক। এমনকী রুবিনার বাবা-মা-কেও গালিগালাজ করার অভিযোগ ওঠে। রুবিনার দাবি, বিছানায় ৫০০ টাকার নোটের বান্ডিল ফেলে দিয়ে চিৎকার করতে থাকেন তাঁরা। বলেন, “আমরা তোদের টাকা দিচ্ছি। আমাদের নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা ধরবি। নইলে বিপদ আছে।” গোটা বিষয়টি রাত্রিবেলাই সিপিএম নেতৃত্বকে জানান তিনি।
বিষয়টিকে সাজানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূলের অবস্থা এতটা করুণ হয়ে যায়নি, যে সিপিএম নেতাকে টাকা দিয়ে দলে আনতে হবে। আসলে তৃণমূলকে বদনাম করার জন্য এই কাজ করছে সিপিএম। কিন্তু লাভ হবে না। মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে।”