RR vs RCB: রাজস্থানের ‘পিঙ্ক প্রমিস’, ঘুরে দাঁড়াতে আরসিবির ভরসা সৌরভ – Bengali News | Rajasthan Royals captain Sanju Samson won to and elected to field first against RCB in IPL 2024
RR vs RCB: রাজস্থানের ‘পিঙ্ক প্রমিস’, ঘুরে দাঁড়াতে আরসিবির ভরসা সৌরভImage Credit source: RR X
কলকাতা: ইটস শো টাইম। সঞ্জু স্যামসনের পিঙ্ক আর্মির জন্য আজকের ম্যাচ বিশেষ। আরসিবির (RCB) বিরুদ্ধে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিশেষ উদ্যোগ জড়িয়ে রয়েছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে মাঠে নামলেন রাজস্থানের ক্রিকেটাররা। বিরাটদের বিরুদ্ধে এই রাজস্থানের জার্সি বদলের বিশেষ কারণ রয়েছে। তা হল গোলাপি প্রতিশ্রুতির জন্য। শনি-রাতের ম্যাচে রাজস্থানের (Rajasthan Royals) মহিলাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে সঞ্জুর টিম। ঘরের মাঠে টস জিতেছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু।
শুধু গোলাপি জার্সি পরে রাজস্থানের মহিলাদের সম্মান জানিয়েই শেষ করছে না রাজস্থান রয়্যালস শিবির। সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পিঙ্ক আর্মি। তা হল, আজকের ম্যাচে যতগুলি ছয় মারবেন ক্রিকেটাররা, সেই অনুযায়ী রাজস্থান রয়্যালস টিমটির পক্ষ থেকে রাজস্থানের ছয়টি বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জয়ের হ্যাটট্রিক করা রাজস্থান ভালো ছন্দে রয়েছে। জয়ের হ্যাটট্রিক করেছে। ফলে আজকের ম্যাচে আরসিবিকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে পিঙ্ক আর্মি।
টস জিতে পিঙ্ক আর্মির ক্যাপ্টেন সঞ্জু স্যামসন বলেন, ‘আমরা এই ফ্রেশ উইকেটে প্রথমে বোলিং করব। পেসারদের জন্য শুরুতে সুবিধা থাকবে। শিশিরের সুবিধেও পাব আশা করছি। টিমের ছেলেরা দায়িত্ব নিচ্ছে, ম্যাচ শেষ করছে। আমরা একাদশে তাই কোনও পরিবর্তন করছি না।’