Election Commission: লোকসভা ভোটের মুখে বাংলার জন্য নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের – Bengali News | Loksabha election: election commission seeks report on panchayat election violence in west bengal
কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলার নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় পাঠানো হয়েছে রাজ্যে। এবার এক নজিরবিহীন পদক্ষেপ করল কমিশন। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটের খোঁজখবর শুরু করল কমিশন। রাজ্যে কোথায় কোথায় হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল, কোন বিধানসভা এলাকায় কীভাবে ভোট হয়েছিল, এসব জানতে রিপোর্ট তলব করা হয়েছে।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগেই সব জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই নিরাপত্তায় জোর দেওয়া হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ইতিমধ্য়েই পশ্চিমবঙ্গ-সহ আরও পাঁচ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকায় বাংলা ছাড়াও রয়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ। পশ্চিমবঙ্গে জেনারেল স্পেশাল অবজার্ভার হিসেবে নিযুক্ত হচ্ছেন উত্তর প্রদেশের ১৯৮৬ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অলোক সিনহা।
এদিকে, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে সব রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মাদক, বেআইনি অর্থ এবং অস্ত্রের আমদানি বন্ধ করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সমন্বয় করে কড়া নজরদারি এবং অভিযানের নির্দেশ কমিশনের।