IPL 2024: বিরাটকে আউট করবে, বলে গিয়েছিল… কোচকে দেওয়া কথা রেখেছেন তরুণ তুর্কি – Bengali News | Not Mayank Yadav, LSG Coach Justin Langer Celebrates M Siddharth For Scalping Virat Kohli in LSG vs RCB IPL 2024 match
IPL 2024: বিরাটকে আউট করবে, বলে গিয়েছিল… কোচকে দেওয়া কথা রেখেছেন তরুণ তুর্কিImage Credit source: AFP
কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বমানের ক্রিকেটার। তাঁর উইকেট নেওয়া যে কোনও বোলারের কাছে স্বপ্ন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অনেকেই স্বপ্ন দেখেন কোহলির উইকেট থাকুক তাঁর ঝুলিতে। আইপিএল (IPL) হল সেই মঞ্চ, যেখানে একাধিক আনক্যাপড প্লেয়ার বিরাট কোহলির উইকেট ঝুলিতে ভরেছেন। এ বারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তাঁর টিম পরপর দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবলের ৯ নম্বরে নেমেছে। লখনউয়ের বিরুদ্ধে বিরাটের ব্যাট সেই অর্থে চলেনি। ২২ রান করে তাঁকে ফিরতে হয়। কোহলিকে আউট করেন লখনউ সুপার জায়ান্টসের মণিমরন সিদ্ধার্থ। বিরাটকে আউট করবেন বলে তিনি লখনউয়ের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে কথা দিয়ে মাঠে নেমেছিলেন। সেই কথা রেখেছেন।
২৫ বছরের মণিমরন সিদ্ধার্থের আইপিএল অভিষেক হয়েছে চলতি আইপিএলে। ২০২০ সাল থেকে তিনি অবশ্য আইপিএলের সঙ্গে যুক্ত। সে বছর তিনি কেকেআর শিবিরে ছিলেন। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু কেকেআর ও দিল্লির হয়ে তাঁর আইপিএলে খেলা হয়নি। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মণিমরন এ বার লখনউ সুপার জায়ান্টস টিমের সদস্য। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছে। ডেবিউ আইপিএল ম্যাচে তিনি উইকেট পাননি। কিন্তু আরসিবি ম্যাচের আগে তিনি কোচকে কথা দিয়েছিলেন, বিরাট কোহলির উইকেট নিয়ে দেখাবেন।
চিন্নাস্বামীতে আরসিবিকে মঙ্গলবার রাতের ম্যাচে হারায় লখনউ। এরপর লোকেশ রাহুলদের ড্রেসিংরুমে টিমের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, “আমার মুখ দিয়ে প্রথমেই যে কথাটা আসছে, সেটা এম সিদ্ধার্থের জন্য। আমার এর আগে ওর সঙ্গে কথা হয়নি। ওকে আমি আর্ম বল করতে দেখেছিলাম। এবং আমি বলেছিলাম, ‘সিড তুমি কি বিরাটের উইকেট আমাদের দিতে পারবে?’ ও বলেছিল ‘হ্যাঁ স্যার।’ আমরা সকলেই জানি ও বিরাটকে আউট করেছে।”
Young dreams, manifested and delivered 🙌🧿 pic.twitter.com/SNItXN7CTc
— Lucknow Super Giants (@LucknowIPL) April 2, 2024
আইপিএলের পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনফ সুপার জায়ান্টল। ৭ এপ্রিল একানা স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। আর জোড়া ম্যাচ হারা বিরাট কোহলির আরসিবির পরবর্তী ম্যাচ ৬ এপ্রিল। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির।