Gourbanga University: অপসারণ করেন রাজ্যপাল, রজতকিশোরবাবুকে রাজ্য বলল ‘আপনিই উপাচার্য’ – Bengali News | State education department give order to Gourbanga Universitys rajatkishore dey to continue his role as vc
কলকাতা: উপাচার্য ইস্যুতে এবার রাজ্যপালের পাল্টা রাজ্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকে পদ থেকে সরিয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। রবিবার ইমেলে সেই নির্দেশ দেওয়া হয়। সোমবার দুপুরে পাল্টা নির্দেশ আসে রাজ্যের তরফে। সেখানে গৌড়বঙ্গের অপসারিত উপাচার্য রজতকিশোর দে-কেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর। অর্থাৎ রাজভবনের নির্দেশ না মানার নির্দেশ এল শিক্ষা দফতরের তরফে।
এ প্রসঙ্গে রজতকিশোর দে বলেন, “গতকাল রাতে যে ইমেল পেয়েছি, তাতে আমাকে অপসারিত করা হয়েছে। তবে আজ বেলা আড়াইটে নাগাদ সরকারের তরফে একটা অর্ডার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ইমেলে এসেছে। সেখানে উপাচার্যের দায়িত্ব পালন চালিয়ে যেতে বলা হয়েছে। আমি রাজ্যের নির্দেশকে মান্যতা দিয়ে উপাচার্যের যে দায়িত্ব তা পালন করব।”
একইসঙ্গে তিনি বলেন, এভাবে তাঁকে উপাচার্য পদ থেকে সরানোর চিঠি সামাজিক সম্মানহানির সমান। রজতকিশোরবাবু বলেন, “শিক্ষক হিসাবে বলব এটা খুবই হতাশাব্যঞ্জক ঘটনা। উপাচার্যের দায়িত্ব নিয়ে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারা সকলেই জানেন আমি সমস্ত দিক যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এরপরও যদি এরকম একটা পত্রাঘাত আসে যা আমার সামাজিক অবস্থান, সম্মান নিয়ে টানাটানির সমান হয়, সেই জায়গাতে আমার মনে হয় অন্যান্য উপাচার্যদেরও ভাবতে হবে এটা কি আমার সঙ্গে ন্যায্য হল? আমি ২৫ বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত। আমার মনে হয় অকারণে হেনস্থা করা বা অপমান করার প্রয়াস।”