Narendra Modi: সোমবার রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছর, অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi to address the ceremony commemorating 90 years of RBI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Facebook
মুম্বই: ৯০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই (RBI)। খুব কমই এমন প্রতিষ্ঠান রয়েছে, নয় দশকের ইতিহাস জড়িয়ে নিয়ে যে এখনও হাঁটছে। ১ এপ্রিল ৯০ বছরে পা দিচ্ছে আরবিআই। এই উপলক্ষে মুম্বইয়ে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছরের অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার অব পারফর্মিং আর্টসে এই অনুষ্ঠান হবে।
১৯৩৪ সালের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাক্টকে সামনে রেখে ১ এপ্রিল আরবিআই প্রতিষ্ঠা হয়। হিল্টন ইয়ং কমিশনের পরামর্শে তা প্রতিষ্ঠিত হয়েছিল।। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশের আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখতেই এই প্রতিষ্ঠানের উদ্ভাবন। ১৯৪৯ সালের পর থেকে অর্থমন্ত্রকের আওতাধীন হয় তা।
কারেন্সি ইস্যু থেকে ব্যাঙ্কিং সার্ভিস, গ্রামীণ কোঅপারেটিভ, এগ্রিকালচারাল ক্রেডিট, সব ক্ষেত্রেই আরবিআইয়ের ভূমিকা তাৎপর্যপূর্ণ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে গত এক দশকে আরবিআইয়ের ভূমিকা উল্লেখযোগ্য। প্রথমে কলকাতায় ছিল আরবিআইয়ের কেন্দ্রীয় অফিস। ১৯৩৭ সালে তা তৎকালীন বোম্বে বর্তমান মুম্বইয়ে স্থানান্তরিত হয়। ৯০ বছরে ২৬ জন গভর্নর পেয়েছে আরবিআই। ২০২১ সাল থেকে শক্তিকান্ত দাস এই পদে আসীন।