Congress-BJP: ‘শুধু খুন্তি নাড়তে পারে’, বিজেপির মহিলা প্রার্থীকে ‘নোংরা’ আক্রমণ কংগ্রেস বিধায়কের – Bengali News | Karnataka Congress MLA’s Comment on BJP Candidate Sparks Controversy Ahead of Lok Sabha Election 2024
কংগ্রেস বিধায়কের আক্রমণ বিজেপি প্রার্থীকে।
নয়া দিল্লি: নির্বাচনের আগেই বিতর্কের মুখে কংগ্রেস নেতা। প্রতিপক্ষ প্রার্থীকে কটাক্ষ করতে গিয়ে অবমাননাকর মন্তব্য করে বসলেন কংগ্রেস বিধায়ক। মহিলা প্রার্থীকে কটাক্ষ করতে গিয়ে তিনি বললেন, “সাধারণ মানুষের সমস্যা কী করে বুঝবে। কথা বলা আলাদা বিষয় কিন্তু ওঁরা শুধুমাত্র রান্নাঘরে রান্না করতে পারে।”
বিতর্কিত মন্তব্যটি করেছেন কর্নাটকের কংগ্রেসের বিধায়ক সামানুর শিবশঙ্করাপ্পা। তাঁর বিজেপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন গায়েত্রী সিদ্ধেশওয়ারা। তিনি বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিএম সিদ্ধেশওয়ারার স্ত্রী। একটি দলীয় বৈঠকেই বিজেপি প্রার্থীকে আক্রমণ করে কংগ্রেস বিধায়ক সামানুর শিবশঙ্করাপ্পা বলেন, “জনসাধারণের সমস্যা বুঝতে অক্ষম বিজেপি প্রার্থী।”
কংগ্রেস বিধায়ক বলেন, “আপনারা সবাই জানেন যে উনি (বিজেপি প্রার্থী) জিতে মোদীজিকে পদ্ম দিতে চেয়েছেন। প্রথমত বলে দিই, দেবাঙ্গিরির সমস্যা বুঝতে হবে।আমরা (কংগ্রেস) এই অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। কথা বলা এক বিষয়, কিন্তু ওরা শুধু রান্নাঘরে রান্নাই করতে পারে। বিরোধী দলের কোনও ক্ষমতাই নেই জনতার সামনে কথা বলার।”
সিদ্ধেশওয়ারার মন্তব্যের জবাবে বিজেপি প্রার্থী গায়েত্রী সিদ্ধেশওয়ারা বলেন, “মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। উনি এমনভাবে কথা বলছেন যেন শুধু রান্নাই করি আমরা এবং সারাদিন রান্নাঘরে থাকি। কোন পেশায় আজ মহিলারা নেই? আজ আমরা আকাশেও উড়ছি। ওই বুড়ো লোকটা জানেন না, আমরা মহিলারা কতটা উন্নতি করেছি। উনি জানেন না যে মহিলারা কতটা ভালবাসা নিয়ে পরিবারের সকলের জন্য রান্না করে।”
প্রসঙ্গত, কর্নাটকের কংগ্রেসের বিধায়ক সামানুর শিবশঙ্করাপ্পা ৯২ বছর বয়সী। দলের সবথেকে প্রবীণ বিধায়ক তিনি। দেবাঙ্গিরি দক্ষিণের পাঁচবারের বিধায়ক তিনি। তাঁর পুত্রবধূ প্রভা মল্লিকার্জুনকে এই লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে।