Dilip Ghosh: ‘কাউকে আঘাত দেওয়ার অভিপ্রায়ে এই বক্তব্য নয়’, বিতর্কের আবহে দুঃখপ্রকাশ দিলীপের – Bengali News | Lok Sabha Election 2024 Dilip Ghosh replies amid ongoing controversy over his remarks
মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষImage Credit source: Facebook
কলকাতা: লোকসভা ভোটের মুখে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেস সেই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিল তৃণমূল। কমিশনের তরফেও পদক্ষেপ করা হয়েছিল। শোকজ করা হয়েছিল বিজেপি প্রার্থীকে। এবার তার উত্তর দিলেন তিনি। জানা যাচ্ছে বিতর্কিত ওই মন্তব্য়ের জন্য দুঃখপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জানিয়েছেন, কাউকে আঘাত দেওয়ার জন্য তিনি ওই মন্তব্য করেননি। ‘আউট অব কনটেক্স্ট’ তিনি সেই বক্তব্য করেছিলেন। বিজেপি প্রার্থী এও জানিয়েছেন, তাঁর বক্তব্যের জন্য কেউ দুঃখ পেয়ে থাকলে, তিনি সে জন্য ব্যথিত।
উল্লেখ্য, দিলীপ ঘোষের সাম্প্রতিক ওই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে অল আউট অ্যাটাকে নেমেছিল তৃণমূল শিবির। তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা কড়া নিন্দা জানিয়েছিলেন ওই মন্তব্যের। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, বিতর্কিত ওই মন্তব্য ‘ক্ষমার অযোগ্য’। দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়েছিল তৃণমূলপন্থী আইনজীবীদের তরফে।
চলতে থাকা এই বিতর্কের আবহে পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশনও। ওই মন্তব্যের জন্য শো কজ করা হয়েছিল দিলীপ ঘোষকে। কারণ দর্শাতে বলা হয়েছিল বিজেপি প্রার্থীকে। এবার সেই উত্তর দিলেন দিলীপ। জানা যাচ্ছে, বিতর্কিত ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ চেয়েছেন তিনি। কাউকে আঘাত করার অভিপ্রায়ে ওই মন্তব্য ছিল না , সেকথাও জানিয়েছেন দিলীপ ঘোষ।