Pakistan Cricket: আর রাস্তা নেই, পাকিস্তানকে বাঁচাতে পুরনো ‘হাত’ই ধরতে চাইছে বোর্ড! – Bengali News | Shaheen Afridi’s sacking nears, PCB asks Babar Azam to return as captain
Pakistan Cricket: আর রাস্তা নেই, পাকিস্তানকে বাঁচাতে পুরনো ‘হাত’ই ধরতে চাইছে বোর্ড!Image Credit source: X
করাচি: ওয়ান ডে বিশ্বকাপে পা রাখার পর থেকেই যেন অন্ধকারে মিশে গিয়েছে টিম। লাল হোক আর সাদা বল, সাফল্যের ধারেকাছে নেই পাকিস্তান। এতেই শেষ নয়, টানা ব্যর্থতার হাত ধরে টিমে ঢুকে পড়েছে বিতর্ক। সিনিয়র থেকে জুনিয়র, সবাই জেরবার বিতর্কে। এমন ডামাডোল চলছে যে, আর সামলাতেই পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই বাধ্য হয়েই পুরনো ক্যাপ্টেনের হাত ধরতে চাইছেন কর্তারা। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ফর্ম্যাটে শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi) দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি পেসার হিসেবে বিশ্ব ক্রিকেটে যতই প্রশংসা পান না কেন, ক্যাপ্টেন হিসেবে এখনও অপরিণত। টেস্টেও একই হাল পাকিস্তানের। শান মাসুদ টেস্টে কাঙ্খিত সাফল্য দিতে পারেননি। কাকে দায়িত্ব দিতে চাইছে পিসিবি?
বিশ্বকাপের কথা মাথায় রেখে শাহিনকে ছাঁটাই করার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলে হয়েছে। নেতৃত্ব দেওয়ার মতো সঠিক বলে মনে করা হচ্ছে না তাঁকে। মাসুদের ক্ষেত্রেও ভাবা হচ্ছে একই ব্যাপার। পুরনো ক্যাপ্টেন বাবর আজমকেই আবার দায়িত্ব নিতে বলা হয়েছে। পিসিবির তরফে বৈঠকের আয়োজন করা হয়েছে বাবরের সঙ্গে। তিনি কী চান, তা নিয়ে কথা বলতে আগ্রহী বোর্ড কর্তারা। বিশ্বকাপের পরই তিন ফর্ম্যাট থেকে ছাঁটাই করা হয়েছিল বাবরকে। বছর ঘুরতে না ঘুরতে আবার তাঁর হাতেই টিম দিতে চাইছে পিসিবি। আবার জাতীয় টিমের দায়িত্ব নিতে আপত্তি নেই তাঁর। তবে বাবরেরও কিছু শর্ত আছে। তাঁকে হঠাৎ নেতৃত্ব থেকে সরানো হবে না, পিসিবিতে নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে পাকিস্তান টিমের যা হাল, তাতে বাবরের সব শর্তই মেনে নেওয়া হবে, এমনই মনে করা হচ্ছে।
২০২০ সালে তিন ফর্ম্যাটেই পাকিস্তানের ক্যাপ্টেন হয়েছিলেন বাবর। তিন বছর তাঁর নেতৃত্বে টিম খারাপ খেলেনি। কিন্তু ট্রফি জেতার ক্ষেত্রে পিছিয়েই থেকে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো, সেমিফাইনালে ওঠা, এ সব ছিল। তবে, ওয়ান ডে বিশ্বকাপের আগে পাকিস্তান টিমকে সবচেয়ে শক্তিশালী ধরা হচ্ছিল। কার্যক্ষেত্রে দেখা যায় চরম ব্যর্থতা। তারই জেরে নেতৃত্ব খোয়াতে হয়। ঘটনা হল, পাকিস্তানকে সামলানোর মতো যোগ্য লোক এই মুহূর্তে টিমে নেই। সিনিয়ররা কেউ কেউ আছেন ঠিকই, কিন্তু তাঁরা পুরো টিমের কাছে সমান গ্রহণযোগ্য নন। তাই বাবরেই আবার আস্থা রাখতে চলেছে পিসিবি। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও বাবরের মতো নেতাকেই দেখতে চাইছেন। নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকেও তাঁরা তাই বলেছেন।