সোশ্যাল মিডিয়ার কারণে প্রেমিকের পরিচয় দিতেই চাই না: দিতিপ্রিয়া রায় – Bengali News | Why is actress ditipriya roy not disclosing the identity of her boyfriend
অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। যিশু সেনগুপ্তর ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করেন ‘অপরাজিত’ সিরিয়ালে। আরও বেশ কিছু সিরিয়াল এবং টেলিফিল্মে তাঁকে দেখা যায়। তারপর দিতিপ্রিয়ার কেরিয়ারে আসে ‘করুণাময়ী রানি রাসমণি’। রানি রাসমণির চরিত্রে অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া। সেই দিতিপ্রিয়া সম্পর্কে জড়িয়েছেন। তাঁর জীবনে এখন কেবলই বসন্ত। তাঁর নতুন প্রেম সম্পর্কে মুখ খুললেন দিতিপ্রিয়া। TV9 বাংলাকে কী বললেন অভিনেত্রী?
দোলের দিন সোশ্য়াল মিডিয়ার (ইনস্টাগ্রাম) স্টোরিতে প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। পিছন ফিরে থাকা এক লম্বা-সুদর্শনকে দেখা গেলেও তাঁর মুখটা বোঝা যায়নি। গালে ছিল আবির। পোস্টে হার্ট ইমোজি জ্বলজ্বল করছিল। প্রেমিকের বিষয়ে জানতে চেয়ে TV9 বাংলা যোগাযোগ করে দিতিপ্রিয়ার সঙ্গে। অভিনেত্রী বলেছেন, “দোলের দিন আমি একটা স্টোরি আপলোড করেছিলাম। আমি প্রেম করছি এটা ঠিক, কিন্তু এখনই আমি আমার প্রেমিকের পরিচয় সকলে জানাতে চাইছি না।” কিন্তু কেন? দিতিপ্রিয়ার উত্তর, “সোশ্যাল মিডিয়ার কারণেই আমি আমার প্রেমিককে সামনে আনতে চাইছি না। আমি এখনই সকলের ডিনার টেবিলের আলোচনার বিষয় হতে চাই না। বিষয়টা খুবই sensitive (স্পর্শকাতর) আমার কাছে এবং একইভাবে আমার প্রেমিকের কাছেও। একে-অপরকে আগলে রাখছি এখন।”
এরপর দিতিপ্রিয়ার সংযোজন, “এর আগে অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সেগুলো অবশ্য গুজবই ছিল। ‘ডাকঘর’-এ অভিনয় করার সময় আমার সঙ্গে সুহত্রর (অভিনেতা সুহত্র মুখোপাধ্য়ায়) নামটা ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছিল।” নিজের বর্তমান সম্পর্ককে কেন্দ্র করে দিতিপ্রিয়া ভীষণই সংবেদনশীল। বলেছেন, “এই সম্পর্কটা আমার কাছে ভীষণই ব্যক্তিগত। তিনি আমার কাছে খুবই মূল্যবান। তাই আমি এই মুহূর্তে বিষয়টাকে গোপনই রাখতে চাই। আমার প্রেমিকের নাম-ধাম-পেশা সবটাই গোপন রাখতে চাই। আমরা দু’জনেই প্রাইভেসি চাইছি।” প্রেমিকের পেশা কী? উঁহু, কোলসা করে কিচ্ছুটি বলেননি দিতিপ্রিয়া। তাঁর উত্তর, “এঁর প্রফেশনটা অন্য়রকম (প্রকারান্তরে সম্ভবত অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, তাঁর পেরমিক টলিউড ইন্ডাস্ট্রির কেউ নন)। সেটা নিয়েও আমি কিছু বলতে চাই না। কারণ বললেই মানুষ গুগল করে জেনে ফেলতে পারেন।”
এই খবরটিও পড়ুন
২১ বছর বয়সি দিতিপ্রিয়ার কথা থেকে জানা গিয়েছে তাঁর প্রেমিকের বয়স ২৩। সেই প্রেমিক ইন্ডাস্ট্রির কেউ নন। এ বছর ভ্য়ালেন্টাইন্স ডে-সরস্বতী পুজোর (একই দিনে পড়েছিল ২টি দিন) সময় তিনি সেই প্রেমিকের কথা TV9 বাংলাকে বলেননি। শুধু বলেছিলেন, “আমার ভ্যালেন্টাইন নেই। আমি সিঙ্গল। তাই উন্মাদনাও নেই আলাদা করে। কেমন ধরনের পুরুষ পছন্দ, সেটা অবশ্য বলতে পারি। কাকে, কখন ভাল লাগবে, বলতে পারব না। খুব সুন্দর দেখতে হবে, এটা হবে, ওটা হবে, এমন কোনও চাহিদা নেই আমার। কথা বলে ভাল লাগলে মনের মধ্যে যদি বাতি জ্বলে ওঠে, সেই-ই হবে আমরা ‘ভ্য়ালেন্টাইন’… আমার জীবনের প্রেম।।” প্রেমটাকে আড়ালে রেখেছিলেন। এবার অভিনেত্রীর বক্তব্য, “আমাদের অভিনেত্রীদের জীবনে কাটাছেঁড়া হয় প্রচুর। আমাদের লোকে অতি সহজেই judge করে ফেলেন। আমার প্রেমিকের ক্ষেত্রেও তাই। কেন আমার প্রেমিকের ক্ষেত্রে বলছি, সেটাও পরে বোঝা যাবে।”
তবে জীবনের দারুণ একটা সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া। বলেছেন, “সম্পর্কটায় আমি আছি। এবং জীবনের একটা দারুণ সময় কাটাচ্ছি। All fingers crossed।.” জেনারেশন জ়েডের মেয়ে দিতিপ্রিয়া। এই প্রজন্মের ছেলেমেয়েদের অনেকে পার্টনার খোঁজেন ডেটিং অ্যাপে। তাঁদের অনেকের কাছেই প্রেম বিষয়টা অনেকটা casual। পুরনো সম্পর্ক থেকে বেরনো এবং নতুন সঙ্গী খুঁজে নেওয়ার ব্যাপারে এই প্রজন্মের ছেলেমেয়েরা খুবই সাহসী। সেই জেনারেশনের মেয়ে হয়ে বিয়েতে পূর্ণ বিশ্বাস রাখেন দিতিপ্রিয়া। বলেছেন, “অনেকে হয়তো বিয়েতে বিশ্বাস করেন না। কিন্তু আমি করি। আমি বিয়েটাকে খুবই সম্মান করি। আমার বাবা-মাও আমার প্রেমিককে দেখে দারুণ খুশি এবং সাদরে মেনে নিয়েছেন।”