Central Force: রুটমার্চের খবর এবার জানতে পারবেন আপনিও, ভোটের আগে বিশেষ উদ্যোগ কমিশনের – Bengali News | Election Commission giving information on route march of central force during loksabha election
নয়া দিল্লি: ভোট ঘোষণা হওয়ার আগেই একাধিক রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গ তথা রাজধানী কলকাতার আশপাশে বাহিনীর বুটের শব্দ শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ইতিমধ্য়ে সেই রুটমার্চ নিয়ে অভিযোগ আসতে শুরু করেছে নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় বাহিনীর এবার নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ওয়েবসাইটের মাধ্যমে রুটমার্চ সংক্রান্ত তথ্য সামনে আনা হবে এবার। সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে যাতে সব তথ্য স্পষ্ট হয়ে যায়।
এই প্রথমবার এমন ব্যবস্থা গ্রহণ করল কমিশন। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে সব তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে ‘রুটমার্চ’ নামে একটি অপশন রয়েছে, যাতে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে ওয়াকিবহাল হবেন।
যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন যে কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না, বা রুট মার্চ করাচ্ছে না, তাহলে জেলার ডিইও-কে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
এই খবরটিও পড়ুন
ভোটে স্বচ্ছতা আনতে কোনও খামতি রাখছে না কমিশন। কোথায়, কত কোম্পানি বাহিনী পাঠানো হবে, তা আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। পশ্চিমঙ্গের জন্য ধার্য হয়েছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, বিরোধীরা একদিকে রুটমার্চ নিয়ে অভিযোগ তুলছে প্রশাসনের বিরুদ্ধে, অন্যদিকে, শাসক দল বলছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বিরোধীরা হেরেছে আগে, এবারও তার পুনরাবৃত্তি হবে।