Bankura: ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে করুণ পরিণতি, আর ঘরে ফেরা হল না বৃদ্ধের – Bengali News | Old Man Dies While Saving His Grandson in Bankura
কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি Image Credit source: TV-9 Bangla
বাঁকুড়া: ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে করুণ পরিণতি দাদুর। নাতি বাঁচলেও আর বাঁচা হল না বৃদ্ধের। কংসাবতী নদীর জলে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মারা গেলেন দাদু। এদিন দুপুরে মর্মান্তির এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর নদীঘাটে। মৃতের নাম দীনবন্ধু মহাপাত্র। প্রাক্তন ফুড ইন্সপেক্টর দীনবন্ধু মহাপাত্রর বাড়ি সারেঙ্গা থানার চিলতোড় এলাকায় হলেও বর্তমানে তিনি বাঁকুড়া শহরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের কারণে কয়েকদিন আগে তিনি চিলতোড়ে গ্রামের বাড়িতে যান। সেখানেই ছিলেন। এদিন দুপুরে দীনবন্ধুবাবু নিজের নাবালক নাতিকে নিয়ে কংসাবতী নদীর রাইপুর ঘাটে স্নান করতে যান। কিন্তু, কে জানত একসঙ্গে গেলেও আর বাড়ি ফেরা হবে না দীনবন্ধুবাবুর।
এলাকার লোকজন জানাচ্ছেন, স্নানের সময় আচমকা নদীতে তলিয়ে যায় নাবালক। নাতিকে নদীর জলের তোড়ে ভেসে যেতে দেখে নদীতে ঝাঁপ দেন দীনবন্ধুবাবু। স্থানীয়দের দাবি, নদীর জলের স্রোতে নদী গর্ভে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইনে আটকে যায় দীনবন্ধু বাবুর পরনের লুঙ্গি। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় রাইপুর থানার পুলিশ।
এই খবরটিও পড়ুন
জল থেকে উদ্ধার করা হয় দীনবন্ধু বাবুর নাতিকে। উদ্ধার করা হয় দীনবন্ধুবাবুকেও। দ্রুত তাঁকে উদ্ধার করে রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর নাতিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দীনবন্ধু মহাপাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন দীনবন্ধুবাবুর পরিবারের সদস্যরা।