Arjun Singh: তৃণমূলে ফিরে অভিষেক সম্পর্কে ধারণা বদলে যায় অর্জুনের! কী দেখেছিলেন… – Bengali News | Arjun Singh claims Abhishek Banerjee is the main culprit for everything
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিংImage Credit source: TV9 Bangla
কলকাতা: একসময় তৃণমূলের প্রথম সারির নেতা হিসেবেই গণ্য হতেন অর্জুন সিং। ব্যারাকপুর-জগদ্দল ছিল তাঁর হাতের মুঠোয়। সিপিএম জমানা থেকে শুরু হওয়া দাপট তৃণমূল আমলেও অব্যাহত থেকেছে। দল বদলেও ভোটে জিততে অসুবিধা হয়নি তাঁর। তবে, এবার কার্যত ‘হতাশ’। তৃণমূল তাঁর কথা রাখেনি! এবার বিজেপি শিবিরে যোগ দেওয়ার পর অর্জুন সিং দাবি করলেন, ‘সব গণ্ডগোলের মূলেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ বিজেপি থেকে তৃণমূলে ফেরার সময় যে অভিষেক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরে তাঁর সম্পর্কেই ধারণা বদলে যায় বলে দাবি করলেন অর্জুন সিং।
TV9 বাংলার মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন, তাঁর কর্মীদের ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি থেকে তৃণমূলে ফেরার জন্য যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল যে অভিষেক পরিণত হয়েছেন।
পরে কী বুঝলেন? অর্জুনের উত্তর, “পরে দেখলাম সবকিছুর মূলে ওই। গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো -এসব করছিল।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও জানিয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, “কোনও অ্যাকশন হয়নি। তখনই বুঝলাম দুজনেই একই।”
অর্জুন বলছেন, তাঁকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়নি। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভাঙছে কেন? অর্জুনের কথায়, আঞ্চলিক দলগুলিতে মাথায় যারা থাকে, তারা কোনও দিন শক্তিশালী লোককে রাখতে চায় না।