India-China: অরুণাচল নিয়ে দিবাস্বপ্ন, চিনের থোঁতা মুখ ভোঁতা করে দিল ভারত – Bengali News | Ministry of External Affairs says China claim on Arunachal Pradesh absurd
নয়া দিল্লি: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দিবাস্বপ্নের যেন শেষ নেই। সম্প্রতি আবারও অরুণাচলকে নিজেদের বলে দাবি করেছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। আর এরপরই কড়া জবাব দিল ভারতও। একেবারে থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া যাকে বলে। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ সর্বদা সম্পূর্ণভাবে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে। চিনা প্রতিরক্ষা মন্ত্রকের দাবিকে পুরোপুরি অযৌক্তিক বলেও জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক বিবৃতিতে অরুণাচল নিয়ে চিনের দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ‘ভিত্তিহীন দাবি বার বার করতে থাকলেই সেটা গ্রহণযোগ্যতা পায় না। অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। অরুণাচলের আমজনতা সবসময় ভারত সরকারের উন্নয়নমূলক ও পরিকাঠামোগত প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আগামীতেও পাবেন।’ উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির দিকে চিনের নজর পড়েছে অনেকদিন ধরেই। সম্প্রতি আবারও বেজিং দাবি করেছে, অরুণাচল চিনের অংশ। আর এরপরই ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এমন কড়া জবাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ভারতের মানচিত্রের এক অবিচ্ছেদ্য অঙ্গ অরুণাচল প্রদেশ। কিন্তু চিন অযৌক্তিকভাবে দাবি করে যাচ্ছে, অরুণাচল প্রদেশ নাকি আসলে দক্ষিণ তিব্বত। এমনকী এখানকার নিজেদের মতো করে নামকরণও করে ফেলেছে চিন। চিন এখানকার নাম দিয়েছে জ়াঙ্গনান। তবে ভারতের অবস্থান প্রথম থেকেই কড়া। চিনের দাবি বার বার উড়িয়ে দিয়েছে ভারত। দিল্লির স্পষ্ট কথা, অরুণাচল সর্বদা ভারতের অঙ্গ ছিল এবং থাকবে। কেউ কোনও নতুন নাম বসানোর চেষ্টা করলেও, সত্যিটা যে বদলানো যাবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছে ভারত।