Gautam Gambhir, IPL 2024: নতুন দায়িত্বে গম্ভীরের ঘরে ফেরা, বৃত্ত পূর্ণ হওয়ার অপেক্ষায় KKR – Bengali News | Indian Premier League Kolkata Knight Riders Champion Captain Mentor Gautam Gambhir Journey IPL 2024
ডেস্টিনি! কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীর। পুনর্মিলন। ভূমিকা আলাদা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই খেলছেন গম্ভীর। তাঁর হোম টিম দিল্লি ডেয়ারডেভিলসে। তবে তাঁর উত্থান কলকাতাতেই। কবে যে এই শহরই তাঁর ঘর হয়ে উঠেছিল…। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। ব্যাটার হিসেবে ছাপ ফেলেছেন। কিন্তু কলকাতা তাঁকে মনে রেখেছে লিডারশিপের জন্য।
ময়দানে একটা শব্দ আকছার ব্যবহার হয়। খারুস। গৌতম গম্ভীর সেই ঘরানার। সহজ করে বলা যেতে পারে, জেদী! মেজাজ হারিয়ে ফেলেন দ্রুত। টিমের সাফল্যের জন্য যে কোনও সীমা পার করতে পারেন। গম্ভীর যেন ট্রফি ভাগ্যও সঙ্গে নিয়ে এসেছিলেন। ২০১১ সালে কেকেআরে তাঁর যোগ দেওয়া। ব্য়াটার এবং ক্যাপ্টেন হিসেবে দু-বার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন গৌতম গম্ভীর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাতে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সাল। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। ২০১৭ আইপিএল অবধি কেকেআরে খেলেন গম্ভীর। তাঁর ইচ্ছে ছিল হোম টিম দিল্লি থেকেই আইপিএলকে বিদায় জানানোর। ২০১৮ আইপিএলে দিল্লিতে খেলেন গম্ভীর। ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টকে বিদায় জানান। কেরিয়ারে সব মিলিয়ে ১৫৪ ম্যাচে ৪২১৭ রান। ৩৬টি হাফসেঞ্চুরি। তবে পরিসংখ্যান দিয়ে গৌতম গম্ভীরকে মাপা অসম্ভব।
গত বারের আইপিএলেও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। দলকে প্লে-অফে তুলেছেন। তাঁর ডেস্টিনি আবার তাঁকে ফিরিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্সেই। নতুন ভূমিকায়। লক্ষ্য এক। চ্যাম্পিয়নের ট্রফি। তা হলেই যেন বৃত্ত সম্পূর্ণ হবে। আর কেকেআর কর্নধার তো তাঁকে সেই স্বাধীনতা দিয়েই রেখেছেন। এই টিমটা গৌতম গম্ভীরের।