অভিনেত্রী লিলি চক্রবর্তী খুব অসুস্থ, ফুসফুসে একদমই জোর নেই, শ্বাস নিতে অসুবিধা… – Bengali News | Veteran bengali actress lily chakraborty very ill she is not acting in the serial neem phuler madhu
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দারুণ একটি চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার–অভিনয় করেছেন সকলের সঙ্গেই। সকলের সঙ্গে সমানতালে পারফর্ম করে গিয়েছেন তিনি। এই ৮২ বছর বয়সে এসেও দাপটের সঙ্গে অভিনয় করছেন দমদম-নিবাসী লিলি। টিআরপিতে ভাল নম্বর পাওয়া ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু ইদানিং তাঁকে আর দেখা যাচ্ছে না। বাড়ির বউ পর্ণাকে সব কিছু থেকে আগলে রাখা ঠাকুমা মিসিং। কী হয়েছে তাঁর?
লিলি চক্রবর্তীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে TV9 বাংলা। ফোনের ওপারে হাঁপাতে-হাঁপাতে ‘হ্যালো’ ভেসে ওঠে লিলির। সেই সঙ্গে উৎকণ্ঠা, “আমি ভাল নেই। শরীর খুব খারাপ আমার।” সঙ্গে কাশিও শোনা গেল লিলির। বললেন, “আর বলবেন না, আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম।”
বিগত ১২দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি। শুটিংয়ে যেতে পারেননি। ছাড়া পেয়ে চিকিৎসকের কড়া নিয়মে চলছেন বাড়িতে। কিন্তু কী হয়েছিল লিলির? করোনার সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন অনেকদিন পর। আবার ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লিলি বলেন, “আমার তো শরীর ভাল যাচ্ছে না। হাই ব্লাড সুগার। হাঁপানি। সিওপিডি (ফুসফুসের সমস্যা)। এই তিনটে কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল আমাকে। আমার তো আগে থেকেই সিওপিডি ছিল। ফুসফুস আমার খুবই দুর্বল। এবারটা খুবই কাবু করে দিয়েছিল। বাড়িতে ফিরেছি। সুস্থ হচ্ছি ধীরে-ধীরে। শুটিংয়ে যেতে পারিনি। সেই কারণেই ‘নিম ফুলের মধু’তে আমাকে দেখা যাচ্ছে না।”
এই খবরটিও পড়ুন
এত অসুস্থতার মধ্যে কি লিলি ফিরতে পারবেন কাজে? কণ্ঠে জোর এনে লিলি বলে বসেন, “আমি কিন্তু একটু সুস্থ হলেই কাজে ফিরব। চিন্তাই করবেন না আপনারা। ‘নিল ফুলের মধুর’ সেটে না গিয়ে কি পাড়ি, ওটা আমার ঘরবাড়ি। আমার বেঁচে থাকার রসদ। কাজই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো শিল্পীদের।”
সম্প্রতি কিডনি এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ৮৬ বছরের অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কোমায় ছিলেন তিনি। ‘গীতা এলএলবি’ সিরিয়ালে তিনি এক আইনজীবী এবং ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন দাপটের সঙ্গে। সম্ভবত, তিনি আর কাজে যুক্ত হতে পারবেন না। তেমনটাই জানিয়েছেন বাসন্তীদেবীর গাড়ির চালক এবং বাড়ির লোক। কিন্তু লিলি? তিনি ফিরছেন। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অভিনেত্রী, যিনি লিলির পুত্রবধূর চরিত্রে অভিনয় করেন, সেই অরিজিতা মুখোপাধ্যায় দারুণ মিস করছেন লিলিকে। তাঁর মতো বাকিরাও মিস করছেন লিলিকে। যেহেতু সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী লিলিকে ‘মা’ সম্বোধন করেন, তাই বাস্তবেও সেই ‘মা’ ডাকেই লিলিকে ডাকেন অরিজিতা। বললেন, “আমাদের ‘নিম ফুলের মধু’তে মায়ের বিকল্প নেই। তাঁর রিপ্লেসমেন্টের কথা আমরা কেউ চিন্তাই করিনি। তিনি ফিরে আসবেন কাজে, আমরা সেই অপেক্ষাতেই সকলে আছি। মা এলে আমাদের উঠুনটা পরিপূর্ণ হয়ে থাকবে… কেমন যেন ফাঁকা-ফাঁকা লাগছে পুরোটা।”