Bihar NDA seat-sharing: নীতীশকে ১৬, চিরাগকে ৫, বিহারের আসন ভাগাভাগি পাকা এনডিএ জোটের – Bengali News | Lok Sabha Election 2024: NDA announces seat sharing formulae for Bihar
মাঝে ছাড়াছাড়ি হলেও, ফের এনডিএ শিবিরে ভিড়েছেন নীতীশ কুমারImage Credit source: PTI
পটনা: বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত করল এনডিএ জোট। সোমবার (১৮ মার্চ), শরিক দলগুলির এক বৈঠকের পর, বিজেপি নেতা বিনোদ তাওড়ে জানিয়েছেন, রাজ্যের ৪০টি আসনের মধ্যে, বিজেপি প্রার্থী দেবে ১৭টি লোকসভা আসনে। আর এনডিএ শরিক নীতীশ কুমারের জেডি(ইউ) প্রতিদ্বন্দ্বিতা করবে, ১৬টি আসনে। বিহারে এনডিএ জোটের আরেক প্রধন শরিক দল, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিও ৫টি আসনে লড়বে। এছাড়া, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টিকেও একটি করে আসন ছাড়া হয়েছে। লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি, রাজু তিওয়ারি বলেছেন, “লোক জনশক্তি পার্টিকে ৫টি আসন দিয়েছে এনডিএ। আমরা বিহারের ৪০টি লোকসভা আসনের সবকটিতেই জিতব।” সূত্রের খবর, পশ্চিম চম্পারন, পুর্ব চম্পারন, ঔরঙ্গাবাদ, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজাফ্ফরপুর, মহারাজগঞ্জ, সরণ, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার এবং সাসারামের মতো গুরুত্বপূর্ণ আসনগুলিতে প্রার্থী দেবে বিজেপি।