Indian Navy: টানটান উত্তেজনা, গুলির লড়াই, জলদস্যুদের কাবু করে জাহাজ ছিনিয়ে আনল INS কলকাতা – Bengali News | Big win for indian navy ins kolkata rescues kidnapped ship with 17 crew member 35 pirates made to surrender
অপহৃত জাহাজ থেকে উদ্ধার করা হচ্ছে ক্রু-দের।Image Credit source: PTI
নয়া দিল্লি: ভারতীয় নৌসেনার মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। মাঝ সমুদ্রে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে উদ্ধার করল অপহৃত জাহাজ। জাহাজের কর্মীদের উদ্ধার করে আইএনএস কলকাতা। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু।ভারতীয় নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এই সাফল্যের কথা।
শনিবার ভারতীয় নৌসেনা জানানো হয়েছে, রুয়েন নামক মাল্টার একটি পণ্যবাহী জাহাজকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সেই জাহাজকে ব্যবহার করেই অন্য জাহাজের উপরে হামলা করত দস্যুরা।
চলতি সপ্তাহের গত বৃহস্পতিবারও বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের উপরে হামলা করার চেষ্টা করে জলদস্যুরা। সাহায্যের বার্তা পেয়েই এগিয়ে যায় ভারতীয় নৌসেনা। ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে ওই জলদস্যুদের দখল করা জাহাজকে আটকায় আইএনএস কলকাতা। এরপরে শুরু হয় অভিযান।
নৌসেনা জাহাজ আটকাতে, গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও, অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা। পাল্টা জবাব দেয় নৌসেনাও।
টানা ৪০ ঘণ্টা ধরে অভিযান চালায় আইএনএস কলকাতা। সাহায্য করতে যায় আইএনএস সুভদ্রাও। ভারতীয় নৌসেনার ড্রোন, হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজ থেকে বন্দি হয়ে থাকা ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু। আটক করা ওই জাহাজ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।