Sonali Guha: ‘দিদির রক্তটা মুছে দেওয়ার কথা কারও কি মনে হয়নি’, কেঁদে ফেললেন সোনালি – Bengali News | Mamata Banerjee Injury Sonali Guha is upset and worried about health and security of CM Mamata Banerjee
কলকাতা: বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে ও নাকে সেলাই পড়েছে তাঁর। গতকাল এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসা, ‘পুশ ফ্রম বিহাইন্ড’ তত্ত্ব ঘিরে এক ধোঁয়াশা তৈরি হয়। যদিও পরে ডিরেক্টরের ব্যাখ্যা, ‘সেনসেশন অব পুশিং ফ্রম বিহাইন্ড’। এসব বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সোনালি গুহ। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রাপ্ত একজনের কীভাবে এমন হতে পারে, সেই নিয়েই প্রশ্ন সোনালির।
গতকাল সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটি প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল থেকে রক্ত বেরোচ্ছিল। সেই রক্ত নাক বেয়ে গড়িয়ে পড়ছিল। কেন কেউ সেই রক্ত মুছে দেওয়ার কথা ভাবলেন না, তা নিয়েই প্রশ্ন সোনালির। একদা মমতার ছায়াসঙ্গী সোনালি বললেন, ‘মুখ্যমন্ত্রীর মুখের রক্তটা নাক দিয়ে গড়িয়ে পড়ছিল, কারও কি মনে হয়নি আমরা দিদির রক্তটা মুছে দিই? দিদির পাড়ায় কি এমন কোনও সংস্থা নেই, যেখানে ফোন করলেই অ্য়াম্বুলেন্স চলে আসবে?’
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক জীবনকে এককালে খুব কাছে থেকে দেখেছেন সোনালি। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক পালাবদল, সব কিছুরই খুব কাছে থেকে সাক্ষী থেকেছেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রী আহত হওয়ার কথা শুনে ভীষণ আবেগঘন সোনালি। কাঁদতে কাঁদতে বললেন, ‘আবার মমতাদি আমাকে বকুন। কিন্তু তাঁকে এই রক্তাক্ত মুখে দেখতে চাই না।’