Bhawanipore Businessman Murder: মাত্র ২ হাজার টাকার জন্য! ভবানীপুরের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য… – Bengali News | New Developments Bhawanipore Businessman Murder Case accused Anirban Gupta and Suman Das
ভবানীপুরে ব্যবসায়ীকে খুনImage Credit source: TV9 Bangla
কলকাতা: ভবানীপুরের ব্যবসায়ী খুনের তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ঘটনের ঘটনায় ধৃত সুমন দাস নাকি মাত্র ২ হাজার টাকার জন্য মূল অভিযুক্ত অনির্বাণকে সাহায্য করেছিল। পুলিশ সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, সুমনকে ২ হাজার টাকা দেবে বলে জানিয়েছিল অনির্বাণ গুপ্তা। সাধারণত ওষুধ ডেলিভারিতে ৫০০ থেকে ১০০০ টাকা পেত সুমন। তবে বড় ডেলিভারি আছে সে কথা বলে বেশি টাকার লোভ দেখানো হয়েছিল সুমনকে। পুলিশ সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে, খুনের সময় অনির্বাণ গুপ্তা তার কুকুরটিকে একটি ঘরে রেখে দিয়েছিল।
উল্লেখ্য, ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লখানি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। বালিগঞ্জ সার্কুলার রোড এলাকা থেকে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। ব্যবসায়ীর স্ত্রী সেদিনই থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তদন্তে নেমে পেশায় ওষুধ ব্যবসায়ী ভব্য লখানির মোবাইল বিডন স্ট্রিট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরেই নিমতায় হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ। একটি বাড়ির জলের ট্যাঙ্কের মধ্যে দেহ ফেলে পাঁচিল গেঁথে দেওয়া হয়েছিল। গত পরশু সেই দেহ উদ্ধারের পর, সেদিনই অনির্বাণ গুপ্তা ও সুমন দাসকে গ্রেফতার করেছিল পুলিশ।
এদিকে ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ থেকে ফিরেই ভবানীপুরের ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এও বুঝিয়ে দিয়েছিলেন, অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না। লালবাজারের হোমিসাইড শাখাকে তদন্তের ভার দেওয়া হয়। আর এসবের মধ্যেই এবার তদন্তে চাঞ্চল্যকর মোড়।