Smriti Irani: ১৮০০ টাকায় বাসন ধোয়ার কাজ করতেন স্মৃতি ইরানি, কীভাবে খুলল ভাগ্য? – Bengali News | Smriti Irani claims she did job in mcdonald’s for 1800 per month
নয়া দিল্লি: বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী স্মৃতি ইরানি। রাজনীতিতে মাত্র কয়েক বছরেই তাঁর উত্থান দেখেছে দেশবাসী। তবে এই পরিচয়ের আগেও ঘরে ঘরে তাঁকে চিনতেন বহু মানুষ। তাঁর জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। ৯০-এর দশকের জনপ্রিয় ধারাবাহিক, ‘কিউ কি সাস ভি কভি বহু থি’-তে অভিনয় করতেন তিনি। তাঁর সাফল্যটাই হয়ত মানুষ মনে রাখবে, তবে একসময়ের ফেলে আসা কষ্টের জীবনের কথা ভোলেননি স্মৃতি। তখন তাঁর ২৩ বছর বয়স। গোটা মাস খেটে তিনি তখন পেতেন মাত্র ১৮০০ টাকা।
সম্প্রতি ‘কার্লি টেলস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানান, সেই সময় ম্যাক ডোনাল্ডস-এ বাসন পরিষ্কার করার কাজ পেয়েছিলেন তিনি। তাঁর বেতন ছিল মাসে ১৮০০ টাকা। কোনও ভাল চাকরি ছিল না তাঁর কাছে। আর কোনও বিকল্পও ছিল না।
কিন্তু ঘটে যায় মিরাকল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিচারণ করে জানান, একদিন একতা কাপুরের অফিসে বসেছিলেন এক জ্য়োতিষী। তাঁর নাম জনার্দন। তিনি দূর থেকে স্মৃতিকে দেখে বলেছিলেন, এই মেয়ে একদিন অনেক বড় জায়গায় পৌঁছবে। জনার্দনই একতাকে বলেছিলেন, তুমি যদি ওর সঙ্গে কাজ কর, তাহলে ও দেশের একটা বড় মুখ হয়ে উঠবে। স্মৃতি তখন অন্য একটি চরিত্রের জন্য চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন।
আচমকা একতা উঠে আসেন স্মৃতির কাছে। জানতে চান, কী চুক্তিতে সই করছেন তিনি। স্মৃতি জানান, চুক্তি অনুযায়ী, দিনে ১২০০-১৩০০ টাকা পাবেন তিনি। একতা তখন তাঁকে দিনে ১৮০০ টাকা দেওয়ার অফার দেন ও তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করার এ কথা বলেন। এটা স্মৃতির কাছে ছিল লটারি পাওয়ার মতো। মাসে ১৮০০ থেকে দিনে ১৮০০ টাকা পাওয়া তো কম কথা নয়। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। বাকিটা তো ইতিহাস…।