Rajanya Haldar: ‘আমার দেশের মানুষ ভাবিয়া দেইখো আসিয়া’, CAA-র প্রতিবাদে এবার উকুলেলে বাজিয়ে গান ধরলেন রাজন্যা – Bengali News | Rajanya Haldar: TMC Leader Rajanya Haldar played the ukulele in protest of CAA
রাজন্যা হালদার, তৃণমূল যুব নেত্রীImage Credit source: Tv9 Bangla
কলকাতা: গোটা দেশে CAA কার্যকর হতেই তার প্রতিবাদে নেমেছে এ রাজ্যের শাসকদল তৃণমূল। মঙ্গলবার হাবড়ার সভা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জানিয়েছেন, প্রাণ থাকতে বাংলায় তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। এবার সিএএ-র প্রতিবাদে নামলেন তৃণমূল যুব নেত্রী রাজন্যা হালদার। গান গেয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হলেন তিনি।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্যতম জনপ্রিয় গান ‘নিঠুর মনোহর’। ঈশান মজুমদার নামে বাংলাদেশের এক নবাগত তরুণের লেখনী ও গায়কীতে এখন মজেছে দুই বাংলা। জনপ্রিয় সেই গানটিকেই এবার প্রতিবাদের ভাষা করলেন রাজন্যা।
https://www.facebook.com/100004273489013/videos/1366335177471040/
নিঠুর মনোহরের সুরে গান গাইলেন তৃণমূল এই যুবনেত্রী। তবে পঙক্তি কিন্তু ভিন্ন। সেখানে শুরুতেই বলা হয়েছে ‘আমার দেশের মানুষ ভাবিয়া দেইখো আসিয়া… আমি কেমন আছি আবাস ছেড়ে গ্যাসেরও দাম বাড়িয়া…দেইখো আসিয়া।” গানের লাইনে কখনও উঠে এসেছে সিএএ প্রসঙ্গ, ‘আমার ভাবতে লাগে ভয়…সিএএ বড় কষ্ট দেয়।’ পাশাপাশি তুলে ধরা হয়েছে মণিপুরে নারী নির্যাতনের ঘটনাও। ‘যখন মণিপুর হয় রাজা যে চুপটি করে রয়…’ শুধু তাই নয়, রাজন্যা গেয়েছেন, ‘সন্দেশখালি সাজিয়ে বলো বাংলা করব জয়…।’
প্রসঙ্গত, রাজন্যা হালদার যে বরাবরই একজন ভাল গায়িকা সে কথা বলার অপেক্ষা রাখে না। তাঁর গানের প্রশংসা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই করেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘জয়ী’ ব্যান্ডের অন্যতম সদস্য তিনি। ধর্মতলায় শহিদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ২ দিনের ধরনা চলাকালীন তৃণমূল ছাত্র-যুবদের গান শুনে এই ব্যান্ডটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সোনারপুরের এই মেয়ে প্রথম নজর কেড়েছিলেন ২১-এর মঞ্চে। তাঁর ঝাঁঝালো বক্তৃতা শোরগোল ফেলেছিল বিরোধী শিবিরেও।