Arjun Singh: অর্জুনের মুখে রাজীব-মুকুলেরও নাম, বললেন, ‘বড় খেলা হবে’ – Bengali News | Arjun Singh said who came from bjp how tmc deprived them
ব্যারাকপুর: অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। সেই পর্বের আগে ব্যারাকপুরবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। অর্জুন বলেন, “আমি স্বীকার করেছি যে তৃণমূলে যাওয়া আমার বড় ভুল ছিল। আসলে আমি ভেবেছিলাম, বিজেপির বহু কর্মী ঘর ছাড়া। বহু মানুষকে মরতে হয়েছে। ভোট পরবর্তী অশান্তির সবথেকে বেশি এফআইআর ব্যারাকপুরেই। সেইসব বিজেপি কর্মী, সাধারণ মানুষের কথা ভেবে এই পদক্ষেপ নিয়েছি।”
শোনা যাচ্ছে, বুধবারই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। বাংলার ৪২ আসনের মধ্যে ২০টা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। যদিও আসানসোল কেন্দ্রের প্রার্থী নিজেই ভোটে লড়তে চান না বলে সরে দাঁড়িয়েছেন। সেই হিসাবে বাংলার এখনও ২৩টা আসনে প্রার্থী দেবে বিজেপি।
ব্যারাকপুরে অর্জুন সিংই কি বিজেপির এবারেরও মুখ? অর্জুনের কথার ভাঁজে লুকিয়ে সে গন্ধই। এদিন সরাসরি অর্জুন সিং বলেন, “ব্যারাকপুরের জন্য সবকিছু কুরবান। পার্থ ভৌমিকের সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি। আগেরবার পিছন থেকে খেলেছিল। এবার সামনাসামনি খেলা হবে। বড় খেলা হবে।” কার হয়ে খেলবেন রাজনীতির অর্জুন? ব্যারাকপুরের নেতার জবাব, “আজ কালের মধ্যে সকলে জেনে যাবেন।”
একইসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পরিণতি যে খুব সুখকর নয় তা বোঝাতে অর্জুন দলে টানেন মুকুল-রাজীবদের। বলেন, “ইতিহাস দেখুন যারাই বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে আমাদের মতই অবস্থা হবে। মুকুল রায়, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়। তিন বছর ধরে ঝুলছেন।” তবে ২৪-এ ৪০০ পার হবে, এমনও শুনিয়ে রেখেছেন ‘দলহীন’ অর্জুন।