Lok Sabha Election 2024: ছিন্নমস্তার পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের অরূপ – Bengali News | Lok Sabha Election 2024: TMC Candidate Arup chakrobarty Sarted his political Campain in Bankura for lok sabha election 2024
ছিন্নমস্তার পুজো দিলেন অরূপImage Credit source: Tv9 Bangla
বাঁকুড়া: পিছনে বাজচ্ছে ঢোল, ঢাক। ধামসা মাদল। রয়েছেন প্রচুর কর্মী-সমর্থক। আর সামনে ফুলের মালা গলায় দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। মঙ্গলের সকাল এইভাবেই শুরু হল বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বাঁকুড়া থেকে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী। তাঁর বিপরীতে খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কিন্তু এরপরও লড়াই যে কঠীণ হবে না সে কথা আত্মবিশ্বাসের সুরেই কার্যত বলে দিলেন অরূপ।
মঙ্গলবার বাঁকুড়ার সতীঘাটে পুজো দেন তিনি। ছিন্নমস্তা, রাম ও হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। একশো ঢাক,ধামসা মাদল ও তাসা সহযোগে প্রথম প্রচারেই ঝড় তুললেন তৃণমূলের এই প্রার্থী। আর তৃণমূলের এই রঙিন প্রচারে সকাল থেকেই জমজমাট বাঁকুড়া শহর। অরূপ চক্রবর্তীর দাবি, বিপক্ষে হেভিওয়েট সুভাষ সরকার থাকলেও তিনি যেহেতু কোনও কাজ করেননি তাই জয় মিলবে অনায়াসেই।
অরূপ বলেন, “আমরা মন্দির-মসজিদ সব জায়গা ঘুরব। মাতাজীর মন্দির ঘুরব। তারপর গীর্জায় যাব। তবে লড়াই হবে। উন্নয়ন ভার্সেস অনুন্নয়নের লড়াইয়ের হবে। বাড়ি-বাড়ি গিয়ে বলব কীভাবে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে।” প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার হারিয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়কে। ফলে পুনরায় এই আসন তৃণমূলের হাতে আসবে কি না তা সময়ই বলবে।