India vs England: আড়াই দিনে ইংল্যান্ডের ‘রুট’ উপড়াল রোহিতরা, ৪-১ সিরিজ ভারতের – Bengali News | India beat England in 5th test by an innings and 64 runs and clinch series by 4 1
India vs England: আড়াই দিনে ইংল্যান্ডের ‘রুট’ উপড়াল রোহিতরা, ৪-১ সিরিজ ভারতেরImage Credit source: X
কলকাতা: দেশের মাটিতে হারের তেঁতো স্বাদ দিয়ে সিরিজ শুরু করেছিলেন রোহিত শর্মারা। তারপরের ছবিটা পুরো গল্পের মতো। রাঁচিতেই রোহিত অ্যান্ড কোং-এর মুঠোয় চলে এসেছিল ইংল্যান্ড সিরিজ। ধরমশালায় ৪-১ করার লক্ষ্য নিয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্ট বাকি থাকতে থাকতেই ম্যাজিক দেখায় ভারত। পরপর ৩টে ম্যাচ জিতে রোহিতের টিম ইন্ডিয়া প্রথম বার বাজ়বল জমানায় টেস্ট সিরিজে হারায় ইংল্যান্ডকে। আর ধরমশালা টেস্ট যেন উত্তেজনায় ভরপুর এক সিনেমার স্ক্রিপ্ট। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষেই রোহিতদের ধরমশালায় জয়ের গন্ধ পাচ্ছিলেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা। শনিবার সেটাই হল। ৫ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। একা কুম্ভ হয়ে লড়াই করলেন জো রুট। কিন্তু আড়াই দিনে ইংল্যান্ডের শিকড় উপড়ে ফেলল টিম ইন্ডিয়া।
ব্যাটে-বলে তুখোড় পারফর্ম্যান্স দেখালেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের শেষে ভারত ছিল ৮ উইকেটে ৪৭৩ রানে। সেখান থেকে তৃতীয় দিন শুরু করে আর ৪ রান ভারতের স্কোরবোর্ডে ওঠে। অর্থাৎ প্রথম ইনিংসে ভারত ৪৭৭ রানে অলআউট হয়। এরপর দ্বিতীয় ইনিংস শুরু হয় ইংল্যান্ডের। তৃতীয় দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ফেলেন বেন স্টোকসরা। একের পর এক উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন ১০০তম টেস্ট খেলতে নামা অশ্বিন। চরম ব্যর্থ হন ইংল্যান্ডের দুই ওপেনার। শূন্যে ফেরেন জ্যাক ক্রলি। বেন ডাকেট ২ রানে মাঠ ছাড়েন। অশ্বিনের মতো ১০০তম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো প্রথম ইনিংসে ২৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৩৯ রান। তাঁকে দুই ইনিংসেই ফেরান কুলদীপ যাদব।
লাঞ্চ বিরতির পর বেন ফোকসকে আউট করে ফাইফার পূরণ করেন অশ্বিন। তারপর এক ওভারে জোড়া ধাক্কা দেন জসপ্রীত বুমরা। ৩৫তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে বুমরা ফেরান টম হার্টলি (২০) ও মার্ক উডকে (০)। পরপর উইকেট হারালেও ক্রিজে টিকে ছিলেন জো রুট। সঙ্গী বদল হতে হতে ৩৭তম ওভারে রুট হাফসেঞ্চুরি করেন। সেই সময় তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন শোয়েব বশির। তারপর শেষ দুই উইকেট নেওয়ার জন্য অনেকটাই অপেক্ষা করতে হয় ভারতীয় বোলারদের। জো রুট ও শোয়েব বশিরের জুটি ধীরে ধীরে জমাট হচ্ছিল। দুপুর গড়াতে গড়াতে ইংল্যান্ডের নবম উইকেট তোলেন রবীন্দ্র জাডেজা। এরপর দ্বিতীয় ইনিংসে লড়াই করা জো রুটের (৮৪) শেষ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ১৯৫ রানে অল আউট হয় ইংল্যান্ড। এক ইনিংস ও ৬৪ রানে ধরমশালা টেস্ট এবং সিরিজও ভারতের।