Dinesh Karthik Retirement: IPL এর আগে চাপে কোহলির RCB, অবসরের পথে হাঁটতে চলেছেন ডিকে – Bengali News | Dinesh karthik set to end ipl career after 2024 season as per report
Dinesh Karthik Retirement: IPL এর আগে চাপে কোহলির RCB, অবসরের পথে হাঁটতে চলেছেন ডিকে
কলকাতা: বয়স তাঁর ৩৯ ছুঁই ছুঁই। এ বার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চলেছেন তিনি। সবাই তো আর ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নন। যিনি ৪২ এও খেলা চালিয়ে যাবেন। এ বারের আইপিএলেও (IPL) ধোনিকে চেন্নাই সুপার কিংস টিমের হয়ে খেলতে দেখা যাবে। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, এটাই শেষ আইপিএল হতে চলেছে ভারতের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। একইসঙ্গে ডিকে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারেও ইতি টানার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে শোনা যাচ্ছে।
দিল্লি ডেয়ারডেভিলস টিমের হাত ধরে আইপিএলের আঙিনায় প্রবেশ করেছিলেন দীনেশ কার্তিক। ২০০৮ সাল থেকে আইপিএলের গত ১৬টি মরসুমেই খেলা ৭ ক্রিকেটারদের মধ্যে একজন ডিকে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনীশ পান্ডের পাশাপাশি গত ১৬টি আইপিএলে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন দীনেশ কার্তিক। ওই ১৬টি মরসুমে দীনেশ কার্তিক মাত্র ২টি ম্যাচ খেলেননি।
২০২৩ সালের আইপিএলটা ভালো কাটেনি দীনেশ কার্তিকের। তিনি মাত্র ১৪০ রান করেছিলেন। অথচ ওই দীনেশ কার্তিকই ২০২২ সালের আইপিএলে অনবদ্য পারফর্ম করেছিলেন। বিশেষত ফিনিশারের ভূমিকায় তিনি জ্বলে উঠেছিলেন। ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন। আইপিএলে ভালো পারফর্ম করার সুবাদে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। তিনটি ইনিংসে মাত্র ১৪ রান করেছিলেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, ৩৮ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক ২০২৪ মরসুমের পর আইপিএল কেরিয়ারে ইতি টানতে চলেছেন। তিনি তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে ফোকাস করবেন এবং ব্রডকাস্টিং কেরিয়ারে তাঁর নজর থাকবে। জুন মাসে কার্তিক ৩৯ এ পড়বেন। তিনি এ বার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন।
ডিকে তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে ফোকাস করার পাশাপাশি ধারাভাষ্যকারের কাজ চালিয়ে যেতে চান। পুরোপুরি ক্রিকেট ছাড়লে ডিকেকে ধারাবাহিকভাবে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০২১ সালে ভারত ও নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দীনেশ কার্তিকের ধারাভাষ্যকারের ভূমিকায় অভিষেক হয়েছিল।