পিসিওডি নেই অথচ সময়মতো পিরিয়ড হয় না, অন্ত্রে আলসার দায়ী নয় তো? – Bengali News | Ulcerative colitis linked to irregular periods: Do not avoid these Symptoms
ঋতুস্রাবের সময় মেজাজ পরিবর্তন, তলপেটে ব্যথা, পেশির যন্ত্রণা, পেট ফুলে যাওয়া, স্তনে ব্যথার মতো একাধিক সমস্যা দেখা দেয়। ঋতুস্রাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যাও দূর হয়ে যায়। এগুলো মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে দেখে দেয়। কিন্তু অনেক মহিলাই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভোগেন। প্রতি মাসে পিরিয়ড না হওয়ার মতো সমস্যাকেই অনিয়মিত ঋতুস্রাব বলা হয়। এর পিছনেও হরমোনের তারতম্য কিংবা পিসিওডি বা পিসিওএস-এর মতো অবস্থা দায়ী। কিন্তু এগুলোই যথেষ্ট নয়। আপনি যদি আলসারেটিভ কোলাইটিসে ভোগেন, তাহলেও অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে।
আলসারেটিভ কোলাইটিস হল অন্ত্রের এক ধরনের ক্রনিক রোগ। এটি পরিপাকতন্ত্রে প্রদাহ ও আলসার সৃষ্টি করে। কোলন এবং মলদ্বারের প্রদাহ হতে থাকে। আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত হলে অস্বাভাবিক যন্ত্রণা, আলসার, ডায়ারিয়া, মলদ্বার দিয়ে রক্তপাত, ক্লান্তি ও ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া থেকে শুরু করে জেনেটিক্স, নানা কারণে আপনি আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত হতে পারেন। তবে, লাইফস্টাইল ও ওষুধের মাধ্য়মে সুস্থ হয়ে ওঠা যায়। কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রপচারেরও প্রয়োজন পড়ে।
যে সব মেয়েদের ঋতুস্রাব হয়, তাঁদের মধ্যে আলসারেটিভ কোলাইটিসের উপসর্গ খুব কমন। যেমন ক্লান্তি, মাথা ব্যথা, অ্যানজাইটি, বিরক্তি, বমি বমি ভাব, বমি, পা ফুলে যাওয়া, কোমরে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব পাওয়া, অস্বাভাবিক ব্যথা-যন্ত্রণা ইত্যাদি। এবার অনেকেরই প্রশ্ন আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে অনিয়মিত ঋতুস্রাব কীভাবে সম্পর্কযুক্ত?
আপনি যদি আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত হন, প্রায়শই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমনটা ঘটে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ভারসাম্যহীনতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ফাংশনের উপর প্রভাব ফেলে। এতে আলসারেটিভ কোলাইটিসের রোগীদের মধ্যে প্রদাহ বাড়িয়ে তোলে। ফলে, ঋতুস্রাবের সময় হওয়া তলপেটে ব্যথা আরও মারাত্মক হয়ে ওঠে। তার সঙ্গে ডায়রিয়া এবং মলদ্বার থেকে রক্তপাতের মতো লক্ষণগুলি জোরাল হয়।
ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজেস জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে,, ঋতুস্রাবের সময় অর্ধেক মহিলারাই আলসারেটিভ কোলাইটিসের উপসর্গগুলোর মুখোমুখি হন। ১,২০০ জন মহিলার মধ্যে আলসারেটিভ কোলাইটিস ও অনিয়মিত ঋতুস্রাব গবেষণা করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, আলসারেটিভ কোলাইটিস ঋতুচক্রের উপর প্রভাব ফেলে। পাশাপাশি ঋতুস্রাবের সময় অন্ত্রের প্রদাহ বাড়িয়ে তোলে। তবে, চিকিৎসার মাধ্যমে আলসারেটিভ কোলাইটিসের উপসর্গকে নিয়ন্ত্রণে রাখা যায়। এতে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যাও বশে থাকে।