DC, IPL 2024: ফিরবে দিল্লির খুশি… মহারাজের গলায় ঋষভ পন্থকে নিয়ে আশার সুর – Bengali News | It’s a huge boost for Delhi Capitals says Sourav Ganguly on Rishabh Pant’s IPL 2024 return
DC, IPL 2024: ফিরবে দিল্লির খুশি… মহারাজের গলায় ঋষভ পন্থকে নিয়ে আশার সুরImage Credit source: X
কলকাতা: মন এখন তাঁর অস্থির… ২২ গজ প্রতিদিন তাঁকে ডাকছে… এই অস্থির অবস্থা কাটাতে কোনও কমতি রাখছেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। ফের মাঠে নেমে চার-ছক্কার ফুলঝুরি, অবাক করা শট মেরে তৃপ্তি পেতে চাইছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্থের জীবনের কালো দিন। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার। একাধিক অস্ত্রোপচার, প্লাস্টিক সার্জারির পর দ্বিতীয় জীবন পেয়েছেন। কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এ বার তাঁর মরিয়া চেষ্টা মাঠে ফেরার জন্য। আসন্ন আইপিএলে (IPL) তাঁকে আবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে। ঋষভের কথা উঠতেই যে কারণে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গলায় শোনা গেল আশার সুর।
সম্প্রতি RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘ঋষভ পন্থের টিমে ফেরাটা দিল্লি ক্যাপিটালসের জন্য দারুণ খবর। আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা সোনা ফলায়। নিশ্চিতভাবেই ঋষভ গত বছরে তেমন ক্রিকেট খেলেনি। কিন্তু আমি আশা করি ও দ্রুত ছন্দ ফিরে পাবে। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ও ১৭-১৮ মাস দূরে রয়েছে।’
দীর্ঘদিন ঋষভ পন্থ কাটিয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সম্প্রতি তিনি বেঙ্গালুরুর আলুরে ওয়ার্ম আপ ম্যাচও খেলেছেন। তাতে অস্বস্তিতে দেখা যায়নি তাঁকে। মাঠে নেমে আবার মেজাজে খেলার জন্য তিনি যে কড়া পরিশ্রম করছেন সে কথা জানিয়ে সৌরভ বলেছেন, ‘ও কামব্যাক করার জন্য কঠোর পরিশ্রম করছে। ও আত্মবিশ্বাসী। এবং এ বার দিল্লি ক্যাপিটালস ও ভারতের হয়ে খেলতে চায়। ঋষভ ফেরায় আমি ভীষণ খুশি। আশা করি মরসুমটা ওর ভালো কাটবে।’
কয়েকদিন আগেই উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচের সময় ঋষভ পন্থের সঙ্গে দেখা হয়েছিল সৌরভের। সেই সাক্ষাতে মহারাজ বুঝতে পেরেছেন, ঋষভ ক্রিকেটে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সৌরভের মতে, পন্থ মাঠে ফেরা মানেই ভারতীয় টিম এবং দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের জন্য এক বিরাট সুখবর।