Satta Sammelan: রামলালা ১৪০ কোটি ভারতবাসীর আস্থার জায়গা: অরবিন্দ কেজরীবাল – Bengali News | Satta Sammelan What India Thinks Today Delhi CM Arvind Kejriwal comments on Ayodhya Ram Mandir
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালImage Credit source: TV9 Network
নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল মঙ্গলবার সন্ধেয় তাঁর উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে আলোকিত করে তুললেন টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের সত্তা সম্মেলেনর মঞ্চ। রাজনীতির বিভিন্ন বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার পাশাপাশি অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গও উঠে আসে দিল্লির মুখ্যমন্ত্রীর গলায়। খোলামেলা আলোচনায় অকপট কেজরীবাল বললেন, রামলালা গোটা দেশের ১৪০ কোটি ভারতবাসীর আস্থার জায়গা। দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়, রাম মন্দির থাকা অবশ্যই দরকার। তবে একইসঙ্গে কেজরীবাল এও স্মরণ করিয়ে দেন, রাম মন্দিরের নামে ভোট চাওয়া ঠিক নয়।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মন্দিরনগরী অযোধ্যায়। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও সপরিবারে অযোধ্যায় রাম মন্দিরে গিয়েছিলেন। রামলালার দর্শন করে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। শুধু কেজরীবালই নন, আপ আদমি পার্টি শাসিত দ্বিতীয় রাজ্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও গিয়েছিলেন রাম মন্দিরে। তবে এর মধ্যে কোনও ‘সফ্ট হিন্দুত্ব’ দেখানোর প্রয়াস ছিল না বলেই দাবি কেজরীবালের।
কেজরীবালের বক্তব্য, তিনি কোনও ঢাক-ঢোল পিটিয়ে অযোধ্যায় রাম মন্দিরে যাননি। বললেন, ‘আমি ঢাক-ঢোল পিটিয়ে সেখানে যাইনি। আমি শান্তিতে গিয়েছি, আবার ফিরে এসেছি।’ তাঁর কথায়, রামলালা গোটা দেশের ১৪০ কোটি নাগরিকের আস্থার স্থল। রাম মন্দির নিয়ে আলোচনার সময় কেজরীবাল অবশ্য এও বলেন, ‘ভগবান রাম সাধারণ মানুষের আস্থার বিষয়। কিন্তু রামের নামে ভোট চাওয়া ঠিক নয়।’