Pics: লোকাল ট্রেনে সফর নির্মলা সীতারমণের, সহযাত্রীদের সঙ্গে সেলফি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর – Bengali News | Finance Minister Nirmala Sitharaman ride on mumbai metro and took selfie with passengers
লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।Image Credit source: twitter
মুম্বই: দিন চারেক আগেই দিল্লি মেট্রোয় সফর করে, স্কুল পড়ুয়াদের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এবার লোকাল ট্রেনে সফর করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার মুম্বই লোকাল ট্রেনে সফর করেন তিনি। শুধু সফর করা নয়, সহযাত্রীদের সঙ্গে গল্প করতে, সেলফিও তুলতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।
এদিন সকালে মুম্বই শহরতলীর ঘটকোপার স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সময় ট্রেনে অফিস যাত্রীদের যথেষ্ট ভিড় ছিল। তাঁদের সঙ্গেই একসঙ্গে সিটে বসে কল্যাণ স্টেশন পর্যন্ত যান নির্মলা সীতারমণ। ট্রেনে বসে সহযাত্রীদের সঙ্গে গল্প করতে, সেলফি তুলতেও দেখা যায় অর্থমন্ত্রীকে। পরে লোকাল ট্রেনে সফরের ছবি নির্মলা সীতারমণ নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
এই খবরটিও পড়ুন
Smt @nsitharaman interacts with commuters while travelling from Ghatkopar to Kalyan in a Mumbai local train. pic.twitter.com/T15BdC3f5V
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 24, 2024
প্রসঙ্গত, মুম্বইয়ের লাইফলাইন হল লোকাল ট্রেন। প্রতিদিন ৬০ লক্ষের বেশি যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শহরের আরেক লাইফলাইন মুম্বই মেট্রোয় সফর করেন। গুন্দা ভালি থেকে মোগরা স্টেশন পর্যন্ত সাধারণ যাত্রীদের সঙ্গে সফর করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই মেট্রো সফরের সঙ্গী ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।