Katwa: বেসামাল হলেই গড়িয়ে নদীতে, সংকীর্ণ রাস্তাতেই চলছে ঝুঁকির পারাপার – Bengali News | Katwa Narrow road of Katwa, idespread problems with transportation
বর্ধমান: প্রাণ হাতে করে সংকীর্ণ রাস্তায় ঝুঁকি নিয়ে চলে টোটো, ট্রাক্টর, মানুষ ও পণ্য বোঝায় ভারী যানবাহন। জীবন হাতে করেই এই রাস্তায় পাশ হয় দুই দিক থেকে আসা যাত্রী বোঝাই টোটো বা গাড়ি উল্টে আহত হয় যাত্রীরা। বিপদ যেন এই রাস্তায় প্রতি পদে পদে। সামান্য বেসামাল হলেই পড়তে হবে নদীতে। প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এমনি ভাবেই দীর্ঘ দিন ধরে বিপদজনক চলাচল পূর্বস্থলীর পাটুলি – দামপাল ফেরিঘাটের রাস্তায়। অভিযোগ,প্রশাসনকে জানানো হলেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি।
পাটুলি থেকে দামপাল গ্রামে যাবার আনুমানিক ৮০০ মিটার রাস্তা সিমেন্ট বাঁধানো।ঠিক এই রাস্তার পাশেই ভাগীরথী নদী। তবে এই রাস্তা এতটাই সরু যে দুই দিক থেকে আসা দুটি ছোট যান পাশ হতে পারে না। তার উপর কোথাও ধসে গিয়েছে, তো কোথাও ভেঙে গিয়েছে রাস্তা।
প্রতিদিন দিনরাত মিলিয়ে কয়েকশো স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে নৌকা পার হয়ে এই দুর্গম রাস্তা পেরিয়ে তাদের উঠতে হয় মেন রোডে। এছাড়াও চলে পণ্য বোঝাই ছোট বড় গাড়ি। সরু রাস্তার ফলে সমস্যায় পড়তে হয় সকলকেই।
সাধারণ মানুষজন থেকে নৌকার যাত্রী ও যানবাহন চালকদের দাবি, নদীর দিকে থাকা রাস্তার অংশে গার্ডওয়াল বা রাস্তা চওড়া করা হোক, তাহলে কমবে দুর্ঘটনার ঝুঁকি।যদিও এই বিষয়ে পাটুলি পঞ্চায়েতের বিজেপি প্রধান ঝর্না হালদার জানান, দীর্ঘ দিনের সমস্যা। বিষয়টি বিডিও কে জানিয়ে দ্রুত সমাধান করা হবে।