Sandeshkhali: ফুটবল মাঠের পাশাপাশি তিনশো বিঘা জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, শান্ত হবে সন্দেশখালি? – Bengali News | Process of returning three hundred bighas of land started, Sandeshkhali will be calm, Speculation
শুরু জমি ফেরানোর কাজ Image Credit source: TV-9 Bangla
সন্দেশখালি: এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। জেলে ঢুকেছেন তাঁর দুই মূল শাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরা। তবে সব অপরাধীরাই ধরা পড়বে, সাফ জানিয়ে দিয়েছেন ডিজি রাজীব কুমার। রাতভোর সন্দেশখালিতে টহল চলল পুুলিশের। এরইমধ্যে সন্দেশখালির দখল হয়ে যাওয়া খেলার মাঠে আগে অবস্থায় ফিরিয়ে দিয়েছে প্রশাসন। মুছে দেওয়া হয়েছে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম। করে দেওয়া হয়েছে চুনকাম। বুধবার রাত থেকে ওই মাঠ জরিপ করার কাজ শুরু হয় বলে খবর। তারপরই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রশাসনের তরফে। শুধু ওই মাঠই নয়। একইসঙ্গে অশান্ত সন্দেশখালিতে শান্ত করতে আরও এক উদ্যোগের ছবিও দেখা গেল এদিন।
ফুটবল ময়দান ফিরিয়ে দেওয়ার দিন শিবু হাজরার সবচেয়ে বড় মাছের ভেড়ির জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে দিল উত্তর ২৪ পরগনা জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। কর্ণখালি থেকে পুকুর পাড়া পর্যন্ত প্রায় তিনশো বিঘা চাষের জমি দখল ঘিরে ভেড়ি তৈরির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি। অশান্তির আগুনে পুড়েছিল সেই ভেড়ি।
এই খবরটিও পড়ুন
বৃহস্পতিবার সেই তিনশো বিঘা জমির প্রকৃত মালিকদের চিহ্নিত করে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার ন’জনকে ফিরিয়ে দেওয়া হল জমি। ভূমি ও ভূমি সংস্কার দফতরের খবর, প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। তবে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনে দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করতে চায় প্রশাসন। এখন দেখার কতটা পরিস্থিতির পরিবর্তন হয়। এদিন ৯ জনকে জমি ফেরানো হয়েছে। যাঁরা জমি কেড়ে নেওয়ার অভিযোগ করেছিলেন, তাঁদের প্রশাসনের তরফে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন এসপি।