CM Mamata Banerjee: চোপড়ার মৃত চার শিশুর পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মমতার – Bengali News | CM Mamata Banerjee announced compensation of Rs 2 lakh to the families of Chopra’s four dead children
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
কলকাতা: চোপড়ার ঘটনায় মৃত চার শিশুর পরিবারকে ২ লাখ করে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, নির্দেশ গিয়েছে মুখ্যসচিবের কাছে। প্রসঙ্গত, চোপড়ার শিশুমৃত্যু নিয়ে বিগত কয়েক সপ্তাহজুড়েই তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে। গুরুতর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ইতিমধ্যেই চোপড়া থেকে ঘুরে এসেছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। চার শিশুর পরিবারের সঙ্গে দেখাও করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এবার মমতার ক্ষতিপূরণের ঘোষণায় তা নিয়ে জোর চর্চা শুরু প্রশাসনিক মহলের অন্দরে।
ইতিমধ্যেই চোপড়া গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য। গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে এলাকায় যেতে দেখা গিয়েছে মন্ত্রী গুলাম রব্বানীকেও। বিসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে চন্দ্রিমাকে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই চোপড়ার চেতনাগাছে একটি হাইড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, ওই হাইড্রেন কাটার কাজ করছিল বিএসএফ। তাতেই সীমান্ত রক্ষী বাহিনীকে কাঠগড়ায় তোলে ক্ষোভে ফেটে পড়ে ঘাসফুল শিবির। চন্দ্রিমার অভিযোগ, বেআইনিভাবে কাজ করা হয়েছে। তাতেই এই বিপত্তি।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা রায় আবার বলেছেন, বিএসএফ তাঁদের দোষ কবুল করেছে। আগামীতে তাঁদের কাজের ব্যাপারে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়। অন্যদিকে রাজ্যপাল আবার বলেছেন রিপোর্ট দিল্লিতে পাঠাবেন। তাঁকে বলতে শোনা যায়, বিএসএফের বিরুদ্ধে কিছু অভিযোগ শুনেছি। রিপোর্ট চেয়েছি। কথা বলব বিএসএফ কর্তাদের সঙ্গেও।” ঘটনায় ইতিমধ্য়েই বিএসএফের চেতনাগছ বিওপির একজন ইন্সপেক্টর সহ মোট ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ড্রেন খোঁড়ার কাজে ব্যবহৃত জেসিবির চালককে। গ্রেফতার করা হয়েছে ঠিকাদারকে।