Yuzvendra Chahal: ও হতাশায় ডুবেছিল… চাহালের বিস্ফোরক দাবি ওড়াল বিরাটের টিম – Bengali News | He was frustrated, Mike Hesson explains why RCB couldn’t buy Yuzvendra Chahal in IPL 2022 mega auction
ও হতাশায় ডুবেছিল… চাহালের বিস্ফোরক দাবি ওড়াল বিরাটের টিমImage Credit source: X
কলকাতা: বছর দুয়েক আগে ফিরে গেলে দেখা যাবে ২০২২ সালের মেগা নিলামের আগে মাত্র ৩জন ক্রিকেটারকে রিটেন করেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আট বছর আরসিবির জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। কিন্তু তাঁকে ধরে রাখেনি বেঙ্গালুরু। পরবর্তীতে যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্টকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন যুজি। এ বার আরসিবির (RCB) ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বিস্ফোরক দাবি নস্যাৎ করে দিয়েছেন।
অতীতে রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট ‘দ্য রণবীর শো’-তে চাহাল বলেছিলেন, ‘আরসিবির হয়ে আমি ১৪০টি ম্যাচ খেলেছি। অথচ ওদের কাছ থেকে সেই নিলামের আগে আমার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। ওরা কথা দিয়েছিল, নিলামে আমার জন্য ঝাঁপাবে। কিন্তু তা করেনি। তাই কথা না রাখায় খুব রেগে গিয়েছিলাম। ওই টিমে আমি ৮ বছর খেলেছি। দল রিটেন না করায় নিশ্চিতভাবে আমি খুব কষ্ট পেয়েছিলাম।’
এ বার আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বিস্ফোরক দাবির পাল্টা দিলেন। মাইক বলেন, ‘আমার এখনও মনে আছে আমি যুজিকে ফোন করেছিলাম। ও বিরক্ত হয়েছিল। সেই সময় নিলামের ডায়নামিক ওকে বোঝানো খুব কঠিন ছিল। বোঝাই যাচ্ছিল ও এই পরিস্থিতি বিশদে জানতে আগ্রহী নয়। অবশ্য আমি এর জন্য ওকে দায়ী করছি না। ও একজন আরসিবিয়ান ছিল তাই হতাশ ছিল। তবে আমি সকলকে জানাতে চাই আমরা ওকে পরিস্থিতির ব্যাপারে জানিয়েছিলাম।’
মাইকের কথায় চাহালকে সে বারের নিলামে কেনার পরিকল্পনা ছিল আরসিবির। কিন্তু তিনি মার্কি প্লেয়ারদের তালিকায় ছিলেন না। যার ফলেই সমস্যা হয়েছিল। আরসিবির ক্রিকেট অব ডিরেক্টর বলেন, ‘আমরা তিন জন ক্রিকেটারকে রিটেন করেছিলাম। চেয়েছিলাম নিলামে হর্ষল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে নিতে। তিন ক্রিকেটারকে রিটেন করায় আমাদের কাছে ৪ কোটি টাকা বাড়তি ছিল। কিন্তু যুজির নাম নিলাম তালিকায় ৬৫ নম্বরে ছিল। আমরা যে কারণে ওকে নিতে পারিনি। মক অকশনে আমরা ঘণ্টার পর ঘণ্টা চাহালকে কী ভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। কিন্তু ওকে শেষ অবধি নিতে পারিনি।’
২০২২ সালের মেগা নিলামে যুজবেন্দ্র চাহালকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। তিনি সে বার ২৭টি উইকেট নিয়েছিলেন। গত আইপিএলে ২১টি উইকেট নিয়ে পার্পল ক্যাপও পেয়েছিলেন চাহাল। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে গিয়েছেন যুজি। আইপিএলে ১৪৫টি ম্যাচে চাহালের ঝুলিতে এসেছে ১৮৭টি উইকেট।