Funeral: ‘মরণযাত্রা যেদিন যাবে…’, মৃত্যুর আগে ঠিক করা ‘থিমে’ হচ্ছে শেষকৃত্য – Bengali News | Funeral: Funeral request comming in Britain
ব্রিটেন: থিমের পুজো দেখেছেন। থিম করে মানুষ বিয়েও করেন। কেউ রূপকথার মতো করে বিয়ের থিম পছন্দ করেন। কেউ রাজকীয়তা পছন্দ করেন। কেউ সমুদ্র সৈকতে বিয়ের থিম তৈরি করেন। কেউ রাজস্থানী থিমে বিয়ে করতে চান। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও কি থিম থাকতে পারে? আপনার কাছে বিষয়টি মজার মনে হলেও, এখন কিন্তু এটাই ঘটছে। মানুষজন বিয়ের মতো থিম চাইছেন শেষকৃত্যেও। কেউ হরর থিম পছন্দ করছেন, আবার কেউ ফুল দিয়ে সাজানো কবরস্থানের মতো, কেউ আবার স্বর্গের মতো।
মেট্রো রিপোর্ট অনুযায়ী, এই সব ঘটছে ব্রিটেনে। সেখানকার অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালকরা জানালেন, শেষকৃত্যের জন্য মানুষের কাছ থেকে অদ্ভুত দাবি আসছে। তিনি জানালেন,কারোর মৃত্যু কখনই মজার বিষয় নয়। তবে এখানে কেউ কেউ আগে থেকেই ভেবে রেখেছেন কীভাবে নিজেদের শেষকৃত্যর অনুষ্ঠান সম্পন্ন করবেন। এমন অনেক পরিবারই তাঁদের কাছে দাবি করছেন থিম বানিয়ে যেন পারলৌকিক কাজ করা হয়।
এই বিষয়ে বলতে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালকরা উদাহরণও দিলেন। কেউ কেউ চেয়েছিলেন যে তাঁদের শেষকৃত্য একটি কল্পবিজ্ঞানের থিমে হোক। ফলে অনুষ্ঠানে যাঁরা আসবেন সেই ধরনেরই পোশাক পরেন। একজন চেয়েছিলেন, মৃত্যুর পর যেন তাঁর মৃতদেহ কফিনে রাখার আগে সান্তাকল্জের পোশাক পরানো হয়।
এখানেই শেষ নয়, একজন কৃষক তাঁর কফিন ঘাস দিয়ে ঢেকে রাখার অনুরোধ করেছিলেন। তিনি চেয়েছিলেন, যখন তিনি মারা যাবেন,কফিনটি যেন সবুজ ঘাসে মোড়ানো থাকে। যাতে জানা যায় মৃতদেহটি কোনও কৃষকের। একটি মুদি দোকানের মালিক তাঁর কফিন ফুলের পরিবর্তে ফল এবং সবজি দিয়ে সজ্জিত করার দাবি করেছিলেন।