Sandeshkhali: উত্তম সর্দার-শিবু হাজরাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ – Bengali News | Police filed new alligation against Uttam Sardar and Shibu Hazra in Sandeshkhali Case
বাঁ দিকে শিবু হাজরা ও ডানদিকে উত্তম সর্দারImage Credit source: Tv9 Bangla
সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে এবার গণধর্ষণ ও গণধর্ষণের চেষ্টার মামলা রুজু হল। পুলিশ সূত্রে খবর, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে নতুন করে গণধর্ষণের মামলা রুজু করেছে সন্দেশখালি থানার পুলিশ। এই ঘটনায় দশ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়েছে আদালতের কাছে।
এক মহিলার গোপন জমানবন্দির ভিত্তিতে সন্দেশখালি থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে । পাশাপাশি বনগাঁর একটি খুনের ঘটনায়ও নাম জড়িয়েছে উত্তম সর্দারের বিরুদ্ধে। গণধর্ষণের চেষ্টার ঘটনায় দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও আদালত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে উত্তম সর্দারের আইনজীবী জানিয়েছেন, “সন্দেশখালি থানার কেস নম্বর ২০/২০২৪ এই মামলায় ৪ দিনের জন্য উত্তম সর্দারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। মামলাকারী মহিলার গোপন জবানবন্দি হয়। সেই জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণের মামলার ধারা যুক্ত হয়েছে।এছাড়া, আজ একটি নতুন মামলায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই মামলায় গণধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে। এর পাশাপাশি বনগাঁ থানার ২০২৩ সালের একটি খুনের মামলায় তাঁকে যুক্ত করা হয়েছে।”
প্রসঙ্গত, সন্দেশখালির বাসিন্দারা উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক সাংঘাতিক অভিযোগ তোলে। পরিস্থিতি খতিয়ে দেখে তৃণমূলের তরফে জেলা পরিষদের সদস্য উত্তমকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ডও করা হয়। সেদিনই সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাঁকে। একইসঙ্গে সেদিন গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিং।