ভুল চিকিৎসার বলি! মাত্র ১৯-এ প্রয়াত ‘দঙ্গল’-এর ছোট্ট ‘ববিতা’ – Bengali News | Dangal actor Suhani Bhatnagar passes away at the age of 19
মাত্র ১৯-এ প্রয়াত ‘দঙ্গল’-এর ছোট্ট ‘ববিতা’
বলিপাড়ায় মর্মান্তিক মৃত্যুর খবর। ‘দঙ্গল’ ছবির সেই ছোট্ট ববিতা ফোগটকে মনে আছে? ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ হারালেন ববিতা ওরফে সুহানি ভাটনগর। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা (ফ্লুইড) ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না।
বলিউডে বেশ পরিচিত শিশুশিল্পী ছিলেন সুহানি। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। ইচ্ছে ছিল অভিনেত্রীই হবেন। তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। ২০২১ সালের ২৫ নভেম্বর ইনস্টাগ্রামে ডেবিউ করেন তিনি। সামাজিক মাধ্যমেও তিনি ছিলেন বেশ সক্রিয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলে একটা তরতাজা প্রাণ, এই শোক যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।