Bankura: আচমকা BJP নেতার বাড়িতে চড়াও জনা ৪০ মহিলা – Bengali News | Bankura: 40 woman surround BJP Leader in Bankura West Bengal
বাঁকুড়া: বিজেপি নেতাকে গ্রেফতারির দাবি তুললেন মহিলারা। অভিযোগ, সন্দেশখালি কাণ্ডের প্রেক্ষিতে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ বরাদ্দ বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে তীর্যক মন্তব্য করায় ওই বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন মহিলারা। পাশাপাশি গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। পাত্রসায়েরের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অঙ্গুলিহেলনেই মহিলারা এমন কাজ করেছে এই দাবি তুলে সরব হয়েছে বিজেপি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সোনামুখী চার নম্বরের মণ্ডলের সাধারণ সম্পাদক হরিসাধন লোহার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্দেশখালির ঘটনা ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকার বৃদ্ধি নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধে একাধিক পোস্ট করেন। সেই ঘটনার কথা জানাজানি হতেই মঙ্গলবার সন্ধ্যায় ওই বিজেপি নেতার পাত্রসায়েরের বাড়িতে হাজির হন প্রায় ৪০ থেকে ৫০ জন মহিলা। নিজেদের স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হিসাবে দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাঁদের অভিযোগ, হরিসাধন লোহার সামাজিক মাধ্যমে ওই পোস্টগুলির মাধ্যমে মহিলাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই ঘটনায় হরিসাধন লোহারের গ্রেফতারির দাবিও জানান বিক্ষোভকারী মহিলারা। বেশ কিছুক্ষণ ধরে হরিসাধন লোহারের বাড়ি ঘেরাও করে রাখার পর এলাকা ছাড়েন মহিলারা। হরিসাধন লোহারের সামাজিক মাধ্যমের পোস্ট কুরুচিকর বলে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁদের পাল্টা অভিযোগ, প্রতিবাদের কণ্ঠরোধ করতে তৃণমূল মহিলাদের উস্কে দিয়ে এই কাজ করিয়েছে।
বিজেপির পাল্টা হুঁশিয়ারি এলাকার তৃণমূলকর্মীরা যেভাবে লুঠতরাজ চালিয়েছে তাতে সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরুষ মহিলা নির্বিশেষে মানুষ তাঁদের তাড়া করবেন।