BJP Leader: প্যান্ট খুলে পুলিশকে দৌড় করানোর হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি নেতার – Bengali News | BJP leader of Medinipur threaten Police
মেদিনীপুর: সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য জুড়ে রবিবার প্রতিবাদে সামিল হয়েছিল বিজেপি। বিভিন্ন জেলার মতো মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। মূলত মহিলা সংগঠনের পক্ষ থেকে এদিনের এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছিল। আর সেই বিক্ষোভ আন্দোলনে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার আইসিকে একহাত নিলেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস। সেই সভা থেকেই প্যান্ট খুলিয়ে পুলিশকে দৌড় করানোর হুঁশিয়ারি দিলেন ওই বিজেপি নেতা। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে বিভিন্ন মহলে।
অরূপ দাস বলেছেন, “মেদিনীপুর বিপ্লবের মাটি। যেমন মরতেও জানে, তেমনি মারতেও জানে। শুধরে যান নইলে পুলিশকে প্যান্ট খুলে ছোটাতেও জানি।” এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগেও সরব হয়েছেন তিনি। তাঁর এই বক্তব্য নিয়েই ছড়িয়েছে বিতর্ক।
এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন, “বিজেপি তো পশ্চিমবঙ্গে বেঁচে আছে ভাষা সন্ত্রাসের মধ্যে দিয়ে। বিজেপি-র তো কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। রাজনৈতিক দিশাহীন একটা দল। ওদের সব স্তরের নেতার মুখেই একই ভাষা। এর জবাব মানুষ দেবে। আসন্ন লোকসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সে জন্যই তৃণমূলের নেতা এবং প্রশাসনকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। এরা বাংলার সংস্কৃতি জানে না বলেই এই সব করে যাচ্ছে।”