Mushroom masala: রবিবারে চিকেন নয়, এভাবে কষিয়ে খান মাশরুম ভাতের লঙ্গে লাগবে দারুণ – Bengali News | Mushroom Masala recipe restaurant style
রবিবার মানেই বাড়িতে জমাটি খাওয়া দাওয়া। ধোঁওয়া ওঠা গরম ভাতে গরম গরম মাংসের ঝোল, লেবু দিয়ে মেখে খেতে লাগে স্বর্গীয়। আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগে রবিবারের ক্লাসিক মেনু ছিল পাঁঠার মাংসের ঝোল। স্বাস্থ্য সচেতন বাঙালি এখন পাঁঠা খাওয়ার রেওয়াজ কমিয়েছে, আপন করে নিয়েছে রামপাখিকে। তবে রোজ রোজ চিকেন খেতেও ভাল লাগে না। আগে যেমন সপ্তাহে একদিন বাড়িতে মাংস রান্না হত এখন প্রায় সবদিনই চিকেন বানানো হয় বাড়িতে। ফলে চিকেন তার রাজকীয় গুরুত্ব হারিয়েফেলেছে।
যেমন খুশি ভাবে চিকেন রান্না করা যায়। চিকেনের মধ্যে ক্যালোরি নেই কিন্তু প্রোটিনে ভরপুর। আর তাই চিকেন সকলেরই বেশ প্রিয়। এদিকে বিদায়ের পথে শীত। আর মাত্র কয়েকদিন পরই বিদায় নেবে বঙ্গ থেকে। গরমের আঁচ এখনই বেশ টের পাওয়া যাচ্ছে। শীতের শেষবেলায় গরম ভাতে এভাবেই বানিয়ে খান মাশরুম। এই মাশরুম জিভের স্বাদবদল যেমন করবে তেমনই খেতেও লাগবে খুব ভাল। বাড়িতে বানানো পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও দিব্যি তা খেতে পারবেন। রেস্তোরাঁর স্টাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিন মাশরুম মশলা। রইল রেসিপি।
মাশরুম প্রথমে ভাল করে ধুয়ে নিতে হবে। এবার তা টিস্যু পেপারে ভাল করে মুড়িয়ে জল ঝারিয়ে নিন। মাশরুমের পেছনের অংশ বাদ দিয়ে দু ভাগ করে কেটে নিতে হবে। মাশরুম গলিয়ে নেওয়া মাখন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে মেখে রাখতে হবে। ১০ টা গোটা কাজু গরম জলে পেস্ট করে রাখুন। পেঁয়াজ কুচিয়ে নিন । তেল গরম করে গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে নুন দিয়ে নেড়ে নিন। দুটো টমেটো কেটে পেস্ট করে নিন মিক্সিতে।
লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুড়ো, টমেটো বাটা দিয়ে কষিয়ে নিন। তেল ছাড়লে আর মশলার কাঁচা গন্ধ গেলে কাজু বাটা দিয়ে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে নিন। ফুটে উঠলে ম্যারিনেট করে রাখা মাশরুম দিন। ঢাকা দিয়ে রান্না করুন। উপর থেকে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খুব ভাল খেতে লাগে এই মাশরুম।