Mohammed Shami: নিজের বায়োপিকে নিজেই হিরো হতে চান মহম্মদ সামি – Bengali News | Mohammed Shami says If there is a biopic of mine, I want to play the lead role on it
Mohammed Shami: নিজের বায়োপিকে নিজেই হিরো হতে চান মহম্মদ সামি
কলকাতা: ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) কি চান তাঁকে নিয়ে একটি বায়োপিক (Biopic) হোক? আর তেমনটা হলে কোন অভিনেতার মুখ্য চরিত্রে থাকা উচিত? সম্প্রতি মহম্মদ সামিকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন এসেছিল অর্জুন পুরস্কার পাওয়ার সামির কাছে। তার উত্তরে মুচকি হেসে মহম্মদ সামি বলেন, ‘আমি এখনই বায়োপিকের ব্যাপার নিয়ে কিছু ভাবিনি। তবে হ্যাঁ আমার বায়োপিক তো একটা হওয়া উচিত।’ অতীতে একাধিক ভারতীয় ক্রিকেটারের বায়োপিক হয়েছে। তার মধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। সেই বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
সত্যিই যদি সামির বায়োপিক হয়, তাতে কোন অভিনেতাকে মুখ্য চরিত্রে দেখা যাবে? নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে সামি ফের হাসতে হাসতে বলেন, ‘আমাকে দিয়েই মুখ্য চরিত্রে অভিনয় করিয়ে নেওয়া যায়। পরের দিকে তো (সামি তাঁর ক্রিকেট ছাড়ার পরের কথা উল্লেখ করেন) আমার আর তেমন কিছু করার থাকবে না। তা হলে নিজের বায়োপিকেই আমি কাজ করে নেব।’
দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন সামি। গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না সামি। ৩৩ বছরের সামি আর কতদিন খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তরে সামি বলেন, ‘যতদিন ভালো পারফর্ম করতে পারছি ততদিন খেলব। আমি ভেবেছি তারপর যখন মনে করব বিরক্ত বোধ করছি, তখন ক্রিকেট খেলা ছেড়ে দেব। আমার ওপর কারও চাপের প্রয়োজন নেই। আমাকে কেউ এটা বোঝানোর মতোও নেই। আমার পরিবারও এই নিয়ে কিছু বলে না। যে দিন আমার মনে প্রশ্ন আসবে যে সকালে উঠে আবার মাঠে যেতে হবে? সে দিন আমি ছেড়ে দেব খেলা। নিজেই টুইট করব।’