SA20 2024: কপালে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুঠ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের – Bengali News | SA 20: West Indies cricketer Fabian Allen faces terrifying gunpoint mugging in Johannesburg
কেপ টাউন: সিনেমার মতো দৃশ্য। হঠাৎই কিছু অজ্ঞাত পরিচয় লোকজন ঘিরে ধরল এক নিরীহ লোককে। যা কিছু আছে সঙ্গে, যাবতীয় দিতে বলল তারা। তারপর যা হল, লোকটি ভ্যাবাচ্যাকা খেলেও তাঁর সর্বস্ব দিতে অস্বীকার করে প্রথমে। সঙ্গে সঙ্গে ওই দুস্কৃতিরা কোমরে গুঁজে রাখা রিভলভর বের করল। লোকটির মাথায় ঠেকিয়ে ধরল শীতল ধাতব অস্ত্র। এ বার আর লোকটির কিছু করার নেই। তিনি বিনাবাক্যব্যয়ে ফোন, মানিব্যগ এবং অন্যান্য যাবতীয় যা কিছু তুলে দিলেন অপরাধীদের হাতে। ঠিক এমনটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ খেলার জন্য সেই দেশে রয়েছেন। পার্ল রয়্যালের হয়ে নিয়মিত মাঠেও নামছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। কিন্তু স্যান্ডটন সান হোটেলের বাইরে তাঁর সঙ্গেই ঘটে গেল রোমহর্ষক ঘটনা। ২৮ বছরের ফাবিয়ানের কোনও ক্ষতি হয়নি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘আমাদের টিমের হেড কোচ আন্দ্রে কোলি ওয়েস্ট ইন্ডিজ টিমের আর এক ক্রিকেটার ওবেদ ম্যাকয়ের মারফত যোগাযোগ করেছেন ফ্যাবিয়ানের সঙ্গে। জানা গিয়েছে, ফ্যাবিয়ান ঠিক আছে। পার্ল রয়্যাল টিমের সঙ্গেই রয়েছে ও।’
গ্রুপ লিগে চমৎকার পারফর্ম করে প্লে-অফে গিয়েছে পার্ল। শুরুর দিকে টিমের হাল বেশ ভালো ছিল। ৭টা ম্যাচের মধ্যে মাত্র একটাতে হেরেছিল। তার পর টানা চারটে ম্যাচ হারতে হয়েছে। বুধবার জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে নামবে প্লে-অফ খেলতে। ফ্যাবিয়ান কিন্তু দারুণ ছন্দে রয়েছেন, তা বলা যাবে না। ৮ ম্যাচ খেলে ৩৮ রান করেছেন। নিয়েছেন মাত্র ২ উইকেট। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও ম্যাচেই রং বদলে দিতে পারেন।
দুর্ঘটনার জের কাটিয়ে ফ্যাবিয়ান নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার সেরাটা দিতে চান। হোটেলের বাইরে ওই ঘটনা ঘটলেও তা নিয়ে পুলিশি তদন্ত হয়েছে কিনা, হলে কেউ ধরা পড়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।