100 days work: ২১ লক্ষ মানুষের কাছে কীভাবে পৌঁছবে টাকা, গাইডলাইন প্রকাশ নবান্নের – Bengali News | Tmc is going to pay money for 100 days work notifications released
কলকাতা: ২১ লক্ষ মানুষকে ২১ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। দিন তিনেক আগে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার ঠিক তিনদিনের মধ্যে প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। মঙ্গলবার নবান্নের তরফ থেকে প্রকাশ করা হয়েছে গাইডলাইনকে। কীভাবে সঠিক অ্য়াকাউন্ট চিহ্নিত করে তবেই টাকা পাঠাতে হবে, তা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সোমবারই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব বি পি গোপালিকা। এরপরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। প্রশ্ন উঠেছে এভাবে গাইডলাইন প্রকাশ করে আদতে কি দুর্নীতির কথা মেনে নিল রাজ্য সরকার? উল্লেখ্য, ১০০ দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা চেয়ে বারবার আবেদন জানিয়েছে রাজ্য।
গাইডলাইনে বলা হয়েছে, প্রতিটি অ্যাকাউন্ট নিখুঁতভাবে চিহ্নিত করতে হবে। কোনও ভুয়ো অ্যাকাউন্ট থাকলে, তাতে টাকা যাবে না। এছাড়া সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না, সেটা দেখে নিয়ে অ্যাকাউন্ট বাতিল করতে হবে বলেও নির্দেশ নবান্নের। এই বিষয়ে মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি বকেয়া ইস্যু নিয়েই রেড রোডে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই মঞ্চ থেকেই গত শনিবার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি মঞ্চ ছেড়ে চলে গেলেও মঞ্চটি এখনও আছে। মঙ্গলবার মমতার সেই ঘোষণা অভিনব কায়দায় উদযাপন করল তৃণমূল মহিলা কংগ্রেস। চাঁদমালা, প্রদীপ, শঙ্খধ্বনি যোগে মঞ্চে জড় হন মহিলারা। তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘সব মহিলাদের ঘরে প্রদীপ জ্বালিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ধরনা মঞ্চ থেকে সেই ঘোষণার উদযাপন করা হল।’