US Air Strike: সেনা মৃত্যুর বদলা, ইরাক-সিরিয়ায় ৮৫ ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালাল আমেরিকা – Bengali News | US Air Strike in 85 Iran Linked Targets In Syria, Iraq
ইরাকে মার্কিন হামলা।Image Credit source: Twitter
ওয়াশিংটন: সেনা হত্যার বদলা নিতে শুরু করল আমেরিকা। ইরাক ও সিরিয়ায় শুরু হল এয়ারস্ট্রাইক। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, ইরানিয়ান ফোর্স ও তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। গত সপ্তাহের রবিবারই জর্ডানের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চলে। ওই হামলায় তিনজন মার্কিন সেনা মারা যান। তার পালটা জবাবই এবার দিতে শুরু করল আমেরিকা।
রবিবার জর্ডানের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চলে। ইরান সমর্থিত একটি জঙ্গিগোষ্ঠীই এই হামলা চালিয়েছিল। পরবর্তী হামলা চললে পরিণাম ভয়ঙ্কর হবে, এই সতর্কবার্তা আগেই দিয়েছিল ওয়াশিংটন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বলেন, “আমাদের জবাব দেওয়া শুরু হল এবার। আমাদের পছন্দসই জায়গা ও সময় অনুযায়ী আক্রমণ চলবে। মধ্য প্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘর্ষ হোক, আমেরিকা তা চায় না। কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চাইছে, তাদের বলে রাখি, যদি আমেরিকানদের ক্ষতি করো, তবে আমরা জবাব দেবই।”
জানা গিয়েছে, মিলিশিয়া গোষ্ঠীগুলির অন্তর্গত ৮৫টিরও বেশি ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। বিশেষ করে ইরানের কুর্দস বাহিনীকে নিশানা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের তরফে জানানো হয়েছে, ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সকে আক্রমণ করা হয়েছে। লং রেঞ্জ বম্বার যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
❗🇺🇸⚔️🇮🇶🇸🇾🇮🇷 – More visuals of the earlier US strikes.
US President Joe Biden says the response to the killing of US troops began tonight and will continue at “times and places of our choosing.” pic.twitter.com/mEUJfrU3ZD
— 🔥🗞The Informant (@theinformantofc) February 2, 2024
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, ৩০ মিনিট ধরে এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। বি-১ বম্বার যুদ্ধবিমান পাঠানো হয়েছে। এই হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসাব করা হচ্ছে।
অন্যদিকে, সিরিয়ার সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে মার্কিন হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা কত, সে সম্পর্কে এখনও জানা যায়নি।