Supreme Court: রাজনীতিবিদদের গায়ের চামড়া মোটা হওয়া দরকার: সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court Justice B R Gavai says Politicians should be thick skinned - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: রাজনীতিবিদদের গায়ের চামড়া মোটা হওয়া দরকার: সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court Justice B R Gavai says Politicians should be thick skinned

Spread the love

নয়া দিল্লি: ‘রাজনীতিবিদদের গায়ের চামড়া মোটা হওয়া দরকার’, এক মামলার শুনানির সময় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে গর্গ চট্টোপাধ্যায়ের একটি মামলার শুনানি ছিল। ২০২০ সালে টুইটারে (বর্তমানে এক্স) কিছু মন্তব্য করেছিলেন গর্গ। সেই মন্তব্যের জেরে অসমের মানুষজনের ভাবাবেগে আঘাত লেগেছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় পশ্চিমবঙ্গ ও অসমের একাধিক জায়গায় গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সেই সময়। সংবাদসংস্থা পিটিআই-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই এফআইআরগুলির জন্য যাতে তাঁকে গ্রেফতার না করা হয়, সেই সংক্রান্ত আর্জি নিয়ে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে।

শীর্ষ আদালতের বিচারপতি বি আর গগৈ ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেখানেই বিচারপতি গগৈ মন্তব্য করেন, ‘রাজনীতিবিদদের গায়ের চামড়া মোটা হওয়া দরকার।’ এরপর বিচারপতির আরও সংযোজন, ‘আজকাল বিভিন্ন সাক্ষাৎকারে এবং চিঠিতে যেসব কথা বলা হচ্ছে, তাতে বিচারকদেরও সতর্ক থাকা দরকার। আমরা যদি তাঁদের সবার মন্তব্য শুনতে শুরু করে দিই, তাহলে আমরা কাজ করতে পারব না।’

উল্লেখ্য, গতকাল সুপ্রিম কোর্টে গর্গ চট্টোপাধ্যায়ের হয়ে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল এবং আইনজীবী আশুতোষ দুবে। তাঁরা আদালতে জানান, ২০২০ সালে টুইটারে কিছু মন্তব্য করেছিলেন গর্গ। সেই মন্তব্যের জেরে অসমে ও পশ্চিমবঙ্গে বেশ কিছু এফআইআর করা হয়েছিল। ওই এফআইআরগুলি একত্রিত করা দরকার এবং পরবর্তী তদন্তের জন্য অপর কোনও রাজ্যে সেগুলি স্থানান্তর করা দরকার।

ঘটনার সময়ে অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্যের কথাও তুলে ধরেন গর্গের আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল। আদালতে জানান, সেই সময় এক অফিশিয়াল বিবৃতি জারি করে গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরই গ্রেফতার করা হয়েছিল তাঁর মক্কেলকে।

এরপর  ওই মন্তব্যের জেরে অসমবাসীর ভাবাবেগে আঘাত লাগার কারণে গত ২০২০ সালের ১৯ অগস্ট জনসমক্ষে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন গর্গ। সেকথাও জানান তাঁর আইনজীবী। তখন সুপ্রিম কোর্ট জানতে চায়, তাঁকে জামিন দেওয়া হয়েছিল কি না। উত্তরে আগরওয়াল বলেন, জামিন দেওয়া হয়েছে।  পশ্চিমবঙ্গে ও অসমে দায়ের হওয়া এফআইআরগুলির জন্য গ্রেফতারি থেকে সুরক্ষাও দিয়েছে আদালত, সেকথাও জানান তিনি। বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য ধার্য্য করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *