INDIA Alliance: উত্তর প্রদেশে আসন-রফা ঘোষণা করলেন অখিলেশ, কংগ্রেস কি সম্মত? – Bengali News | SP Chief Akhilesh Yadav announces seat sharing with congress of INDIA on lok sabha election 2024
অখিলেশ যাদব ও রাহুল গান্ধী। ফাইল ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
লখনউ: ইন্ডিয়া জোটের ফাটল ক্রমশ প্রকট হচ্ছে। তৃণমূল থেকে আপ-এর মতো শরিক সঙ্গী যখন রাজ্যে একলা লড়াইয়ের ঘোষণা করেছে, জোট ছাড়ছেন ইন্ডিয়া-র অন্যতম হোতা নীতীশ কুমার, সেই সময়ই কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বেধে লড়াইয়ের কথা স্পষ্ট করলেন তিনি। শুধু তাই নয়, আসন-রফার কথাও ঘোষণা করে দিলেন। যদিও কংগ্রেস খুশি নয় বলে সূত্রের খবর।
এসপি সুপ্রিমো জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে সমাজবাদী পার্টি। কংগ্রেসকে ১১টি আসন দেবে এসপি। কংগ্রেস এবং এসপি- উভয় দলের সম্মতিতেই আসন-রফা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অখিলেশ যাদব।
আসন-রফার খবরটি নিশ্চিত করে X হ্যান্ডেলে অখিলেশ যাদব আরও লিখেছেন, “১১টি শক্তিশালী আসন দিয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ জোট শুরু হয়েছে। এটা জয়ের সমীকরণ এবং এই ধারা আরও এগিয়ে যাবে। ‘ইন্ডিয়া’ টিম এবং ‘পিডিএ’ ইতিহাস বদলে দেবে।”
এই খবরটিও পড়ুন
যদিও অখিলেশ যাদবের এই ঘোষণায় কংগ্রেস সম্মত নয় বলে সূত্রের খবর। এটা অখিলেশ যাদবের সিদ্ধান্ত, কংগ্রেসের নয় বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। কেননা উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে কংগ্রেস ২৩টি আসনের দাবি জানিয়েছিল।
প্রসঙ্গত, বাংলায় আসন-রফা নিয়েই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্বের সৃষ্টি হয়েছিল। কংগ্রেস ১০-১২টি আসনের দাবি জানিয়েছিল। কিন্তু, প্রথম থেকেই ২টির বেশি আসন ছাড়তে নারাজ ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন-রফা নিয়ে মতবিরোধের মধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় আসার খবর আগাম জানানো হয়নি বলে অভিযোগ করেন মমতা। শেষ পর্যন্ত বাংলায় একলা চলা-র ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্য়েই পঞ্জাবে একলা চলা-র ঘোষণা করে আম আদমি পার্টি। সেখানেও আসন রফা নিয়েই কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হয়েছিল। এপ্রসঙ্গে বলা যায়, গত বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনেও আসন রফা নিয়ে মতানৈক্যের জেরেই সব রাজ্যে একা লড়েছিল কংগ্রেস-সহ আঞ্চলিক দলগুলি। যার ফল খুব একটা ভাল হয়নি।