Howrah Station: লোকালে সওয়ার ‘নেতাজি-ভগৎ সিং’, সাধারণতন্ত্র দিবসে দেশাত্মবোধ জাগিয়ে ছুটল স্পেশ্যাল ট্রেন – Bengali News | Local ride Netaji Bhagat Singh special train runs on Independence Day to raise sense of patriotism in Howrah
ব্যাপক উন্মাদনা যাত্রীদের মধ্যে Image Credit source: TV-9 Bangla
হাওড়া: কোনও কামরায় নেতাজি, কোনও কামরা ভগৎ সিং, সাধারণতন্ত্র দিবসে হাওড়ায় পথচলা শুরু ‘অ্যালস্টম’ ইএমইউ কামরার নতুন ট্রেনের। এদিন হাওড়া স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন চালু করল পূর্ব রেল। যা দেখতে রীতিমতো ভিড় জমলো স্টেশনে। কে আগে ট্রেনে সওয়ার হবেন তা নিয়েও হুড়োহুড়ি দেখা গেল যাত্রীদের মধ্যে। আধুনিক প্রযুক্তিকে সঙ্গী করে যেমন ছুটবে এই ট্রেন, তেমনই যাত্রীদের বিশেষ করে মহিলাদের নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। থাকছে প্যানিক বাটন, থাকছে সিসিটিভি।
শুক্রবার দুপুর ৩টে নাগাদ প্রথম যাত্রা শুরু করে এই লোকাল ট্রেনটি। শুধু ভগৎ সিং বা নেতাজি নয়, প্রতি কামরাতেই হাতে আঁকা রয়েছে বিভিন্ন মনোমুদ্ধকর গ্রাফিটি। এদিন এই নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে মিষ্টিও বিতরণ করা হয়। নয়া ট্রেন পেয়ে খুশি যাত্রীরাও। এই ট্রেনেই এদিন সওয়ার হয়েছিলেন অরিত্রী বন্দ্যোপাধ্যায়। খুশি তিনিও। বলছেন, সিসিটিভির তো খুবই দরকার ছিল। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এটা আরও অনেক আগেই করা দরকার ছিল। কামরাগুলিতে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তা দেখতেও খুব সুন্দর লাগছে।
এই খবরটিও পড়ুন
আর এক যাত্রী কৃষ্ণা বাগ বলছেন, এটা তো আমাদের কাছে বড় পাওনা। ট্রেনে যেভাবে বীর সন্তানদের ছবি রাখা হয়েছে তা দেখলে তো দেশাত্মবোধ জেগে ওঠে। এটা খুবই ভাল উদ্যোগ। হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার জানান, ‘বারো কামরার এই অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু হল। এই ট্রেন অন্য লোকালের থেকে অনেক বেশি মজবুত। আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। রয়েছে এয়ার স্প্রিং। ফলে ট্রেন যাতায়াতও অনেক বেশি আরামদায়ক হবে। রেকের সব কামরাতে থাকছে সিসিটিভি। একইসঙ্গে মহিলা কামরাতে থাকছে প্যানিক বাটন।